জঙ্গি চক্রের সদস্য ধরতে অভিযান ইউরোপজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন একটি জঙ্গি চক্রের বিরুদ্ধে ইউরোপের বেশ কয়েকটি দেশে অভিযান চালিয়ে ১৩ জনকে ধরা হয়েছে। ১৭ ব্যক্তিকে পাকড়াওয়ের লক্ষ্যে ওই অভিযান চালানো হয়। খবর বিবিসির।
ইতালির আনসা বার্তা সংস্থার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, যাঁদের ধরতে এই অভিযান চলছে তাঁরা ইরাকি কুর্দি সুন্নি নেতা নাজাম ফারাজ আহমাদ ওরফে ‘মোল্লা ক্রেকারের’ প্রতিষ্ঠা করা জঙ্গি চক্র আনসার আল ইসলামের ভাবাদর্শে বিশ্বাসী সংগঠন ‘রাওতি শাক্স’-এর সন্দেহভাজন সদস্য। পুলিশ বলেছে, নরওয়ের কারাগারে থাকা মোল্লা ক্রেকারকে ছাড়িয়ে আনার জন্য তাঁরা নাশকতার পরিকল্পনা করেছিলেন।
ইতালি, যুক্তরাজ্য, নরওয়ে, ফিনল্যান্ড, জার্মানি ও সুইজারল্যান্ডে ওই অভিযান চালানো হয়েছে। ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়, যুক্তরাজ্য থেকে চার এবং নরওয়ে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতালির পুলিশ বলেছে, বাকিরা জঙ্গি ইসলামপন্থীদের পক্ষে লড়াই করতে সিরিয়া ও ইরাকে গিয়ে থাকতে পারেন।
ইতালির তদন্ত কর্মকর্তারা বলেছেন, জঙ্গিরা রাওতি শাক্স সংগঠনটি ইন্টারনেটের মাধ্যমে গঠন করেছে। এরা মোল্লা ক্রেকারকে নেতা মনে করে।