ইউক্রেনে ‘আগ্রাসন’ বন্ধ করা না হলে রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপ করার হুমকি দিয়েছেন জি-৭-এর নেতারা। সেই সঙ্গে জঙ্গি হামলা মোকাবিলায় সামরিক শক্তির প্রয়োগ অব্যাহত রাখা বিষয়ে একমত হন তাঁরা। অঙ্গীকার করেন জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় শক্ত পদক্ষেপ গ্রহণের। খবর এএফপি ও রয়টার্সের।
বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর দুদিনের শীর্ষ সম্মেলনের শেষ দিন গতকাল সোমবার নেতারা এ হুমকি, মতৈক্য ও অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। জার্মানির দক্ষিণ বাভারিয়ার বিলাসবহুল এলমাউ ক্যাসল হোটেলে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
সম্মেলন শেষে নেতারা এক যৌথ ইশতেহারে বলেন, ‘আমরা রাশিয়ার ওপর আরও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আরোপ করতে তৈরি। আমরা আবারও বলছি, ইউক্রেনে যুদ্ধ বন্ধে মিনস্কে সম্পাদিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা না করা পর্যন্ত আরোপিত অবরোধ চলতে থাকবে।’
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুশপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েনের অভিযোগ করার প্রেক্ষাপটে নেতারা রুশবিরোধী এ শক্ত অবস্থান নিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘কার্যত এটি এখন প্রেসিডেন্ট পুতিনের জন্য ইস্যু হতে চলেছে। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে তিনি তাঁর দেশের অর্থনীতির ভগ্নদশা ও বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে একঘরে হয়ে থাকা চালিয়ে যেতে চান কি না।’
গতকালের আগের দিনের আলোচনায় মিনস্ক চুক্তির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানান ওবামা ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।
পূর্ব ইউক্রেনের বিদ্রোহীদের সমর্থন করার কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে বেলারুশের মিনস্কে একাধিক বৈঠকে চুক্তি হয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন উভয়ে পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে।
ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়াকে রাশিয়া নিজের অংশ করে নেওয়ার প্রেক্ষাপটে সম্মেলনে তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। এ নিয়ে তিনবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জি-৭ শীর্ষ বৈঠকের বাইরে রাখা হলো।
জি-৭-ভুক্ত দেশ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র। গতকাল জি-৭ নেতারা ‘আমন্ত্রিত অতিথি’ ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি, নাইজেরীয় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ও তিউনিসীয় প্রেসিডেন্ট বেজি এসেবসির সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) এবং বোকো হারামের হুমকি মোকাবিলায় করণীয় ঠিক করার বিষয়েও আলোচনা করেন।
সম্মেলনের প্রথম দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, আইএস জঙ্গিদের মোকাবিলায় ইরাকে আরও ১২৫ জন ব্রিটিশ সেনা প্রশিক্ষক পাঠানো হচ্ছে। জঙ্গি হুমকিকে ‘সবচেয়ে বড় সমস্যা’ হিসেবে চিহ্নিত করতে হবে।
জি-৭-এর সব ও সম্মেলনে উপস্থিত অন্য নেতারা আইএস ও বোকো হারামকে মোকাবিলায় সামরিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখার পক্ষে মত দেন। নেতারা বলেন, বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি এসব জঙ্গির বিরুদ্ধে যুক্তফ্রন্ট গঠন করতে হবে। তাদের তৎপরতা রুখতে হবে। জঙ্গি হামলায় বিপর্যস্ত ইরাক, সিরিয়া ও নাইজেরিয়ায় বিপদগ্রস্ত মানুষকে ত্রাণসহায়তা দিতে হবে।
সম্মেলনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার জন্য জোটের নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ বছরের শেষ দিকে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগেই কার্বন নিঃসরণের নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারবেন জোটের নেতারা। তাঁর এ আহ্বানের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যোগ দেন। জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক, ডব্লিউটিওর মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী জ্যঁ-ক্লদ জাঙ্কারও যোগ দেন সম্মেলনে।