জঙ্গি হামলার আশঙ্কা করছে জার্মানিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান হ্যান্স-গিওর্গ মাসেন আশঙ্কা প্রকাশ করেছেন, সিরিয়া ও ইরাকে লড়াই করতে যাওয়া উগ্রপন্থী জার্মান নগরিকরা দেশে ফিরে সন্ত্রাসী হামলা চালাতে পারে। খবর এপি ও বিবিসির।
হ্যান্স-গিওর্গ মাসেন গত রোববার ডয়েচেল্যান্ডফাংক রেডিওকে বলেন, ‘জার্মানি বর্ধিত মাত্রার সম্ভাব্য হুমকির’ সম্মুখীন। অন্তত ৪০০ জার্মান ইরাক ও সিরিয়ায় চরমপন্থী ইসলামী দলগুলোতে যোগ দিয়েছে।
দেশে ফিরতে দেবে না যুক্তরাজ্য: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়া ও ইরাকে জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ করতে যাওয়া ব্রিটিশ নাগরিকদের অন্তত সাময়িকভাবে দেশে ফিরতে না দেওয়ার কথা বিবেচনা করছেন। সন্ত্রাসবাদ মোকাবিলাসংক্রান্ত নতুন পরিকল্পনার আওতায় এ ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে তাদের নাগরিকত্ব বহাল থাকবে।
ব্রিটিশ নাগরিকদের সিরিয়া ও ইরাকে যুদ্ধ করতে যাওয়ার কথা উল্লেখ করে যুক্তরাজ্য সরকার সম্প্রতি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করে।
সানডে টাইমস পত্রিকা জানিয়েছে, যুক্তরাজ্যের ছয়জন জ্যেষ্ঠ ইসলামি চিন্তাবিদ জঙ্গিগোষ্ঠী আইএস এর ধারণাকে ‘বিষময় মতবাদ’ আখ্যা দিয়ে তাদের পক্ষে লড়াইয়ে অংশ না নিতে ফতোয়া দিয়েছেন।