জঙ্গিবাদ নিয়ে সংকটে ইউরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে বিতর্কিত ব্যঙ্গাত্মক পত্রিকার কার্যালয়ে গত বুধবারের ভয়াবহ হামলা পাশ্চাত্যকে স্তম্ভিত করেছে। এ ঘটনা তাদেরকে সেসব কট্টরপন্থী তরুণের কথা মনে করিয়ে দিচ্ছে, যারা উগ্রপন্থীদের মৌলবাদী ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে ভিন্নমতাবলম্বী যে কাউকে হত্যা করতে তৈরি।
ইসলামি উগ্রপন্থার বিস্তারের প্রতিক্রিয়ায় পশ্চিম ইউরোপজুড়ে বিভিন্ন সমাজে বিভক্তির সৃষ্টি হয়েছে। চরমপন্থী ইসলামি মতবাদকে কীভাবে মোকাবিলা করা উচিত, তা নিয়ে নানা ধরনের চিন্তাভাবনা হচ্ছে।
ইসলাম ধর্মে সন্ত্রাসবাদের স্বীকৃতি নেই—এ কথা উল্লেখ করে ফ্রান্স ও যুক্তরাজ্যের মূলধারার মুসলিম সংগঠনগুলো প্যারিসে জঙ্গি হামলার দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে। কিন্তু ইউরোপের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিক্রিয়ার প্রভাবে সেখানকার সাধারণ মুসলমানরা নানা রকমের হয়রানির শিকার হতে পারে। ধর্মের নামে সহিংসতা মোকাবিলায় এখন স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউরোপের ধর্মীয় নেতাদের সঠিক পথ বেছে নিতে হবে।
ধর্ম অবমাননার অভিযোগে ইউরোপের কেন্দ্রস্থলে সহিংসতার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ বাড়ছে। শিল্পকলা ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রভূত বিকাশের যুগের (এনলাইটেনমেন্ট) পরবর্তী সময়ে ইউরোপে ধর্মীয় ব্যাপারে উদার মনোভাবের প্রচলন হয়েছে। সেক্যুলার পশ্চিমা সমাজে ইহুদি ও খ্রিষ্টধর্ম নিয়ে অবাধ সমালোচনা হয়। তবে ইসলামের ব্যাপারটা ভিন্ন।
প্যারিসে সর্বশেষ জঙ্গি হামলার ঘটনাটির জন্য হয়তো গুটিকয়েক ব্যক্তি দায়ী, কিন্তু ওই সহিংসতার পরিণাম গোটা পশ্চিমা বিশ্বকেই স্পর্শ করবে। ফ্রান্স ও জার্মানিতে অভিবাসী সম্প্রদায়ের প্রতি সন্দেহ ক্রমশ বাড়ছে। ওই দুটি দেশ এবং যুক্তরাজ্যে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য।
ইউরোপে মুসলিম জনসংখ্যার দিক থেকে ফ্রান্সই এগিয়ে। দেশটিতে প্রায় ৫০ লাখ মুসলমানের বসবাস, যা মোট জনসংখ্যার সাড়ে ৭ শতাংশ। জার্মানিতে ৪০ লাখ এবং যুক্তরাজ্যে ৩০ লাখ মুসলমান রয়েছে, যা দুটি দেশেরই মোট জনসংখ্যার ৫ শতাংশ। অভিবাসন নিয়ে জনগণের অসন্তোষের ব্যাপারটি এই তিন দেশেই মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে এক গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রান্স ও বেলজিয়ামে ইহুদিবিদ্বেষ ক্রমশ বাড়তে থাকায় এবং জঙ্গিদের হামলায় ইহুদি সম্প্রদায়ের মানুষ হতাহত হওয়ায় তাদের অনেকে ইসরায়েল ও অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে।
জার্মানিতে চরমপন্থী কিছু সংগঠন ও রাজনৈতিক দল মুসলিম অভিবাসীদের প্রবেশ সীমিত করার দাবিতে সম্প্রতি বড় ধরনের আন্দোলন শুরু করেছে। দেশটির প্রধান রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এ ধরনের আন্দোলনের বিরোধিতা করলেও ব্যাপারটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।