জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের চলমান সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ২৮ দেশের এ সামরিক জোটের বৈঠক থেকে আঙ্কারা তাদের পদক্ষেপের পক্ষে নৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে। খবর রয়টার্স, এএফপি ও বিবিসির।
ন্যাটোর একমাত্র মুসলিমপ্রধান দেশ তুরস্কই বিশেষ এই বৈঠকের আহ্বান করেছে। সিরিয়ায় জঙ্গি অবস্থানে হামলার মাধ্যমে তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী লড়াইয়ে ভূমিকা জোরালো করার পর এই বৈঠক ডাকল। এই সামরিক পদক্ষেপের আওতায় ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরগুলোতেও বোমা বর্ষণ করছে তুরস্ক।
সিরিয়া ও ইরাকে আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পদক্ষেপে অংশ নিতে এত দিন অনীহা ছিল আঙ্কারার। তবে সাম্প্রতিক সময়ে তুরস্কের মাটিতে আইএস ও পিকেকের হামলার পর নড়েচড়ে বসেছে দেশটি।
ন্যাটোর উপমুখপাত্র কারমেন রোমিরো বলেন, ‘সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর পরিপ্রেক্ষিতে তুরস্ক এ বৈঠকের আহ্বান করে। হামলার পর দেশটি যেসব পদক্ষেপ নিচ্ছে, তা অবগত করানোও বৈঠকের লক্ষ্য।...এ বৈঠক তুরস্কের প্রতি দৃঢ়ভাবে একাত্মতা প্রকাশের সংকেত।’
সিরিয়া সীমান্তবর্তী তুর্কি শহর সুরুসে গত সপ্তাহে আইএসের হামলায় ৩২ জন নিহত হয়। এ ছাড়া কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের হামলায় নিহত হয় দুই তুর্কি সেনা।
ন্যাটোর এ জরুরি বৈঠকের ভিত্তি জোটের প্রতিষ্ঠা চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ। কোনো সদস্যদেশ নিজের নিরাপত্তা হুমকিতে পড়েছে মনে করলে ওই অনুচ্ছেদের আওতায় জোটের বৈঠক ডাকতে পারে। ন্যাটোর ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো এমন বৈঠক ডাকা হলো।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু গত সোমবার এটিভি টেলিভিশন চ্যানেলকে বলেন, তুরস্কের উদ্দেশ্য সঠিকভাবে বোঝা ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই বৈঠক থেকে ন্যাটোর কাছে নৈতিক সমর্থন চাওয়ারই ইঙ্গিত দেন তিনি। দাভুতগলু বলেন, প্রয়োজন হলেই কেবল আঙ্কারা ন্যাটোর নিরাপত্তা সহযোগিতা চাইবে। তার আগে নয়। তিনি আরও বলেন, তুর্কি-সিরীয় সীমান্ত ও তুর্কি-ইরাক সীমান্ত সুরক্ষা দেওয়ার দায়িত্ব ন্যাটোরই।