জনপ্রিয় রুশ ব্লগার আন্তোন নোসিক আর নেই

ইন্টারনেটের রাশিয়ান ভাষার সেগমেন্ট ‘রুনেট’-এর জনক বলে খ্যাত জনপ্রিয় রুশ ব্লগার আন্তোন নোসিক আর নেই।
গতকাল শনিবার দিবাগত রাতে মস্কোয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।
আন্তোন নোসিকের বন্ধু দ্য মস্কো টাইমস পত্রিকার মালিক দেমইয়ান কুদরিয়াভছেভ আন্তোনের মৃত্যুর খবরটি টুইট করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, ‘আজ (শনিবার) রাতে মস্কোয় মারা গেছেন আন্তোন নোসিক.... তাঁকে সমাহিত করার স্থান ও সময় পরে জানানো হবে।’
আন্তোন নোসিকের স্বজনদের বরাত দিয়ে এখা মাস্কভী রেডিও জানায়, গত সোমবার এই রুশ ব্লগার ৫১ বছরে পা রাখেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
রাশিয়ান ভাষায় ইন্টারনেট সম্প্রসারণে এই দেশে যে কয়েকজন অসামান্য অবদান রেখেছেন আন্তোন নোসিক তাঁদের মধ্যে অন্যতম। তিনি একই সঙ্গে সাংবাদিক ও মিডিয়া ব্যবস্থাপক হিসেবে রাশিয়া তথা সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে ব্যাপক পরিচিতি পান। গণমাধ্যমে তিনি ‘রুনেট’-এর জনক নামেই বেশি পরিচিত ছিলেন।
রাশিয়ার জনপ্রিয় সামাজিক-রাজনৈতিক ব্লগারদের তালিকায় বরাবরই শীর্ষে ছিলেন আন্তোন নোসিক। গাজেতা ডট রু, লেন্টা ডট রু, ভেসতি ডট রু ও নিউজরু ডট কম-এর মতো রাশিয়ার বিখ্যাত গণমাধ্যমের ওয়েবসাইট সংস্করণ প্রকল্পে কাজ করেছেন তিনি। রাশিয়ার জনপ্রিয় ব্লগ প্ল্যাটফর্ম লাইভ জার্নাল-এর মালিকানাধীন এসইউপি মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানে ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত পরিচালকের দায়িত্বে ছিলেন আন্তোন নোসিক। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক-দাতব্য সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।