জন্মহার এখন সবচেয়ে কম জার্মানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে এখন জন্মহার সবচেয়ে কম জার্মানিতে। এর ফলে একসময় শ্রমিকের সংকটের কারণে ইউরোপের এ শীর্ষ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর বিবিসির।
জার্মান নিরীক্ষা প্রতিষ্ঠান বিডিও এবং হামবুর্গ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইকোনমিকসের (এইচডব্লিউডব্লিউআই) এক গবেষণায় জন্মহার ব্যাপকভাবে কমে যাওয়ার তথ্য উঠে এসেছে।
নিচু জন্মহারের ক্ষেত্রে জার্মানি এখন জাপানকেও টপকে গেছে। তাই শুধু ইউরোপে নয়, নিম্ন জন্মহারের দিক থেকে এখন বিশ্বের এক নম্বর স্থানে উঠে এসেছে জার্মানি। গবেষণায় বলা হচ্ছে, এর ফলে দেশটিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যেতে পারে। এ ছাড়া জার্মানির ভবিষ্যৎ অর্থনীতির অগ্রগতির জন্য কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণায় বলা হয়েছে, জার্মানিতে গত পাঁচ বছরে প্রতি এক হাজার জনে গড়ে ৮ দশমিক ২টি শিশু জন্মগ্রহণ করেছে। ঠিক একই সময়ে জাপানে এক হাজার জনে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল ৮ দশমিক ৪ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে পর্তুগাল এবং ইতালি কম জন্মহারের দিক থেকে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে। দেশ দুটিতে প্রতি হাজারে জন্ম নেয় যথাক্রমে ৯ এবং ৯ দশমিক ৩ জন। ফ্রান্স এবং যুক্তরাজ্যে হাজারে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ১২ দশমিক ৭ জন।
বিশ্বে এখন সবচেয়ে বেশি জন্মহার আফ্রিকার দেশ নাইজারে। সেখানে এক হাজার জনে ৫০টি শিশু জন্ম নেয়।
মজুরি বাড়বে: গবেষণা প্রতিষ্ঠান এইচডব্লিউডব্লিউআইয়ের পরিচালক হেনিং ভোয়েপল এক বিবৃতিতে বলেন, এভাবে জন্মহার কমতে থাকায় জার্মানির কর্মক্ষম জনগোষ্ঠীর (২০ থেকে ৬৫ বছর পর্যন্ত) আকার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ২০৩০ সাল নাগাদ এই হার ৬১ শতাংশ থেকে কমে ৫৪ শতাংশে নেমে যাবে। আরেক গবেষণা প্রতিষ্ঠান বিডিওর পরিচালনা বোর্ডের সদস্য আরনো প্রোবস্ট বলেন, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার ফলে চাকরিদাতাদের খরচ অনেক বেড়ে যাবে। শক্তিশালী শ্রমবাজার না থাকলে জার্মানির অর্থনীতি বেশি দিন তার অগ্রগতির ধারা বজায় রাখতে পারবে না। এর ফল ভালো হবে না।
এভাবে জন্মহার কমে যাওয়ার কারণ এবং এই পরিস্থিতিকে সামাল দেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। বিডিওর পরিচালনা বোর্ডের সদস্য প্রোবস্ট মনে করেন, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ার ফলে জার্মানিতে ভবিষ্যতে তরুণ বিদেশি অভিবাসীদের প্রয়োজন হবে। আর অর্থনৈতিক সমস্যা সমাধানে শ্রমগোষ্ঠীতে নারীর অংশগ্রহণও বাড়াতে হবে।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সরকার শিশু পরিচর্যা খাতে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে। এরপরও দেশটির জন্মহার এভাবে কমে যাচ্ছে।
বিশ্বের যে কয়েকটি দেশে বেশি অভিবাসন ঘটে, তার মধ্যে জার্মানি একটি। তবে দেশটিতে অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত অলটারনেটিভ ফার ডয়েচেল্যান্ড নামের দলটির সমর্থন দিন দিন বাড়ছে।