অর্থনৈতিক দুরবস্থায় থাকা গ্রিসে নির্বাচন আজ রোববার। নির্বাচন-পূর্ব কয়েকটি জরিপে দেখা গেছে, উত্তেজনাপূর্ণ নির্বাচনে সামান্য এগিয়ে আছে দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের বামপন্থী সিরিজা পার্টি। খবর বিবিসি ও এএফপির।
গত শুক্রবার মধ্যরাতে নির্বাচনী প্রচার শেষ হয় গ্রিসে। এর আগে পরিচালিত দুটি জরিপে রক্ষণশীল নিউ ডেমোক্রেসি দলের ভ্যাংগেলিস মেইমারাকিসের চেয়ে এগিয়ে আছে সিরিজা। এর ফলে দেশটিতে আবারও জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আজকের নির্বাচনটি নিয়ে এ বছর এ পর্যন্ত তিনটি নির্বাচন হচ্ছে গ্রিসে। জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সিপ্রাসের বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় আসে। ওই নির্বাচনে সিরিজা পায় ৩৬ দশমিক ৩ শতাংশ ভোট। গত জুলাই মাসে দাতাদের কঠিন শর্ত দেওয়ার সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি (বেইল আউট) নিয়ে গণভোট আহ্বান করা হয়। ওই নির্বাচনে সিপ্রাসের পক্ষেই বিপুল সমর্থন দেন গ্রিসের জনগণ।