জরিপে এগিয়ে ইইউ বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে আসার পক্ষে জনমত ততই বাড়ছে বলে বিভিন্ন জরিপে ইঙ্গিত দে​ওয়া হচ্ছে।

সোমবার ইংরেজি দৈনিক গার্ডিয়ান ও জরিপকারী সংস্থা আইসিএমের প্রকাশিত জরিপ ফলাফলে বলা হয়, ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে আছে ইইউ বিরোধীরা। অনলাইন ও টেলিফোনে করা যৌথ এই জরিপের উভয় ক্ষেত্রেই দেখা যায়, যুক্তরাজ্যের ৫৩ শতাংশ মানুষ ইইউ ত্যাগের পক্ষে। আর ৪৭ শতাংশ মানুষ ইইউতে থাকার পক্ষে।

প্রকাশিত অন্য জরিপেও দেখা গেছে, ভালো ব্যবধানে এগিয়ে আছে ইইউ বিরোধীরা। তবে এসব জরিপে সিদ্ধান্তহীন ভোটারদের বিবেচনায় নেওয়া হয়নি।

আগামী ২৩ জুন ইইউতে থাকা না–থাকা নিয়ে যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে।

এদিকে ইইউতে থাকার পক্ষের প্রচারে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার থেকে প্রচারকাজ থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্যামেরনের বক্তব্য নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চাইছেন, লেবার নেতা জেরেমি করবিন ইইউর পক্ষে শক্তিশালী আওয়াজ তুলুক। কেননা অভিবাসনের প্রতি সহনশীল লেবার ভোটাররা ভোটকেন্দ্রে হাজির হলেই কেবল বিচ্ছেদ থেকে রক্ষা পেতে পারে যুক্তরাজ্য।