জলবায়ু সম্মেলনে অর্থ দিচ্ছে দূষণকারী কয়েকটি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী এবং কার্বন নির্গমনকারী কয়েকটি প্রতিষ্ঠান এ বছরের ডিসেম্বর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলনে অর্থ জোগাচ্ছে। ফ্রান্স সরকার বলছে, অর্থসংকটের কারণে এসব প্রতিষ্ঠানের কাছে থেকে অর্থ নিতে হচ্ছে তাদের। খবর গার্ডিয়ানের।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফেবিয়াস গত বৃহস্পতিবার জানান, প্যারিস জলবায়ু সম্মেলনে খরচের ২০ শতাংশের জোগান দিচ্ছে ইডিএফ, এনজি (আগে এর নাম ছিল জিডিএফ সুয়েজ), এয়ার ফ্রান্স, রেনল্ট-নিসান। তাঁর এই ঘোষণায় বিশেষ করে বেসরকারি সংগঠনগুলো ক্ষুব্ধ হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অক্সফাম এসব প্রতিষ্ঠানের কাছে থেকে অর্থ নেওয়াকে ‘ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছে। তারা বলেছে, এবারের জলবায়ু সম্মেলন হচ্ছে ফ্রান্সের সবচেয়ে বড় দূষণকারীদের আর্থিক সহায়তায়। তবে ফ্রান্স সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বাস্তবতার নিরিখেই এসব প্রতিষ্ঠানের কাছে থেকে তাঁদের অর্থ নিতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্যারিস সম্মেলনের বিপুল ব্যয় মেটাতেই এসব কোম্পানির কাছে থেকে অর্থ নিতে হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি যেসব প্রতিষ্ঠান ব্যবহার করে, তাদের বেশির ভাগই আকারে বেশ ছোট। তাদের পক্ষে অর্থ দেওয়া সম্ভব নয়।
কার্বন নির্গমনকারী প্রতিষ্ঠানের কাছে থেকে আর্থিক সহায়তা নেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমার মনে হয়, এসব প্রতিষ্ঠানের মধ্যে যারা সঠিক পথে আছে বা তাদের দূষণের পরিমাণ কমাতে অবদান রাখতে চায়, তাদের সঙ্গে নেওয়া উচিত। তাদের সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয়, তবে প্রায়োগিক।’
তবে ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ফ্রেন্ডস অব দ্য আর্থ ইউরোপ, ৩৫০ ডট ওআরজিসহ পাঁচটি পরিবেশবাদী সংগঠন। তারা বলেছে, এয়ার ফ্রান্স বিমান পরিবহনে কার্বন নির্গমনের হার কমানোর বিরোধিতা করেছে আর এনজি কয়লা পুড়িয়ে বিস্তর কার্বন নির্গমন ঘটাচ্ছে। ফ্রান্সে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, এর অর্ধেকই করে এই প্রতিষ্ঠান।