যুদ্ধবিরতি চুক্তির পরও পূর্ব ইউক্রেনে লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। গত বুধবার রাতে এক জরুরি সভায় পোরোশেঙ্কো বলেন, ‘শান্তির জন্য দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না—এমন এক পরিস্থিতিতে জাতিসংঘের বাহিনীই নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে সহায়তা করতে পারে।’ বিবিসি ও রয়টার্সের খবর।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন পরও পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেবালৎসেভে শহরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে। বুধবার সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের প্রচণ্ড লড়াইয়ের পর সেখান থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করা হয়। এরপর প্রেসিডেন্ট পোরোশেঙ্কো এ মন্তব্য করলেন। বুধবার রাতের বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগের জন্য পোরোশেঙ্কোর অনুরোধের বিষয়টি অনুমোদন করে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ। পরিষদের সচিব আলেক্সান্দার তার্চিনভ সাংবাদিকদের বলেন, আলোচনায় শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট পোরোশেঙ্কো বলেছেন, বুধবার দেবালৎসেভে থেকে প্রায় আড়াই হাজার সেনা প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি এক সামরিক সূত্র জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৪ সেনা নিহত এবং ১৭৩ জন আহত হয়েছে। এর আগে সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, দেবালৎসেভে গত তিন দিনে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের ২২ জন সেনা নিহত হয়েছে। বিদ্রোহীদের দাবি, এ সংখ্যা আরও অনেক বেশি। তবে ইউক্রেন সরকার ওই দাবি নাকচ করে দিয়েছে।
গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দীর্ঘ বৈঠক করে যুদ্ধবিরতির ব্যাপারে মতৈক্যে পৌঁছান। গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তিটি সর্বসম্মতক্রমে অনুমোদন করা হয়। মিনস্কে আগেও এক দফা চুক্তি হলেও তা প্রায়ই বিভিন্ন মাত্রায় ভঙ্গ হচ্ছিল।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি: এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন বলেছেন, তিন বাল্টিক দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার জন্য ‘প্রকৃত এবং উপস্থিত বিপদ’ হিসেবে আবির্ভূত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত হচ্ছে ন্যাটো। সিয়েরা লিওন সফরকালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই সাবেক সোভিয়েত তিন প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার প্রয়াসে পুতিন তৎপরতা চালাতে পারেন। ফ্যালোন বলেন, ‘আমি পুতিনকে নিয়ে চিন্তিত।...রাশিয়ার কোনো ধরনের আগ্রাসনের জন্য ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে। ন্যাটো প্রস্তুত হচ্ছে।’