জাতিসংঘের সমালোচনায় তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক গতকাল শনিবার জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা জেইদ রাদ আল হোসেইনের বক্তব্যের সমালোচনা করেছে। তিনি বলেছিলেন, ব্যর্থ অভ্যুত্থানের পর আঙ্কারার প্রতিশোধস্পৃহা দমন করা উচিত। তারা বহু কর্মকর্তার চাকরি ও পেশাগত পদমর্যাদা কেড়ে নিয়ে জনগণের অধিকার লঙ্ঘন করছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিক এক বিবৃতিতে বলেন, জেইদের বক্তব্য অগ্রহণযোগ্য। অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের প্রতি কোনো সহানুভূতি না দেখানোই জাতিসংঘের ওই কর্মকর্তার দায়িত্ব।
আঙ্কারার কর্তৃপক্ষ বহু চাকরিজীবীকে বরখাস্ত করেছে। আটক করেছে আরও অনেককে। তুরস্কের হাজারো সেনা, পুলিশ, বিচারক, সাংবাদিক ও কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইদের অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে, তারা জনগণের অধিকার লঙ্ঘন করছে না।
ক্ষমতা সুদৃঢ় করতে তুর্কি প্রেসিডেন্ট দমন-পীড়নের নীতি অবলম্বন করছেন বলে অভিযোগ তুলে দেশটির পশ্চিমা মিত্রদেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তবে তুরস্কের অনেকে মনে করেন, তাঁদের দেশে সহিংস অভ্যুত্থানচেষ্টায় ২৪০ জন প্রাণ হারালেও তাতে পশ্চিমাদের সহানুভূতির ঘাটতি রয়েছে।