জাপোরিঝিয়ার বেসামরিক স্থাপনায় প্রথমবারের মতো রুশ হামলা
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়াতে প্রথমবারের মতো বেসামরিক স্থাপনায় রুশ হামলা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে জাপোরিঝিয়ার একটি রেলস্টেশন ও পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযান ২১তম দিনে গড়িয়েছে আজ বুধবার। এদিন দেশটির রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক ভবনে গোলা হামলা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে জাপোরিঝিয়ার বেসামরিক স্থাপনাও।
ইউক্রেনীয় আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর সিতারুখ এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, ‘সকালটা ভালো ছিল না। জাপোরিঝিয়া-২ রেলওয়ে স্টেশনে রকেট হামলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কেউ মারা যায়নি। বোটানিক্যাল গার্ডেন এলাকায় দ্বিতীয় রকেটটি আঘাত হানে।’
সিতারুখ দাবি করেছেন, অবরুদ্ধ শহর মারিউপোল থেকে স্থানীয় বাসিন্দারা জাপোরিঝিয়াতে পৌঁছানোর পর এ হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক কর্মকর্তারা ইতিমধ্যে বন্দর শহর থেকে তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। এর মধ্যে ৭৭২ জন শিশু রয়েছে।
সম্প্রতি জাপোরিঝিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায় রাশিয়া। পরে সেখানে আগুন ধরে যায়। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি রুশ সেনাদের দখলে রয়েছে। তবে জাপোরিঝিয়ায় সাধারণের চলাচলের এলাকাকে এবারই প্রথম রুশ হামলার লক্ষ্যবস্তু করা হলো।