বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে গতকাল মঙ্গলবার একটি অস্থায়ী চেক-ইন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিগগিরই সেখানে যাত্রীবাহী বিমান চলাচল সীমিত পরিসরে চালু করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিমানবন্দরটির একজন মুখপাত্র বলেন, সবকিছু ঠিকঠাক আছে কি না, যাচাই করে দেখছেন তাঁরা। প্রয়োজনীয় সবকিছু ঠিক থাকলে আজ বুধবারই বিমানবন্দরটি চালু হবে, তবে সেটা সর্বোচ্চ ক্ষমতার ২০ শতাংশ হতে পারে।
জাভেনতেম বিমানবন্দর গত সপ্তাহের সন্ত্রাসী হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বোমা বিস্ফোরণের কিছুক্ষণ পরই ব্রাসেলসের একটি জনবহুল মেট্রোস্টেশনে বোমা হামলা হয়। ওই দুই স্থানে হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৩০০-এর বেশি মানুষ আহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ১২ জন বিদেশি নাগরিক।
ছাড়া পেলেন শেফু: ব্রাসেলসে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন ফয়সাল শেফু গত সোমবার ছাড়া পেয়েছেন। তাঁর আইনজীবী অলিভিয়ে মার্তিন্স গতকাল এ কথা জানিয়েছেন। সিসিটিভির ফুটেজে যে রহস্যময় তৃতীয় ব্যক্তিকে দেখা যায়, তাঁকেই শেফু বলে মনে করা হয়। তিনি ওই হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত একমাত্র সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেফুকে চার দিন আগে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন বলে দাবি করেছেন। আর সে কথা মুঠোফোনের কয়েকটি কলের মাধ্যমে বিশ্বাসযোগ্য প্রমাণিত হয়েছে। বেলজিয়ামের আইন অনুযায়ী তদন্তকারী বিচারক কোনো সন্দেহভাজন ব্যক্তিকে মুক্তি দিতে পারেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ চূড়ান্তভাবে প্রত্যাহার করে নেওয়ার জন্য সুনির্দিষ্ট আদালতের নির্দেশনা প্রয়োজন।
পার্লামেন্টে বাড়তি নিরাপত্তা: বেলজিয়ামের কেন্দ্রীয় পার্লামেন্টে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেখানে হামলার হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায় থেকে এক ধাপ কমানো হয়েছে। সেখানকার একজন মুখপাত্র বলেন, তাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করার পর বেলজিয়ামে হুমকির মাত্রা এক ধাপ কমানো হয়। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন প্রতিষ্ঠান গতকাল থেকে আবার খুলেছে।