জামান-এর নিয়ন্ত্রণ নেওয়ায় তুরস্কের সমালোচনায় ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের সরকার দেশটির সর্বাধিক বিক্রি হওয়া পত্রিকা জামান-এর নিয়ন্ত্রণ গ্রহণ করে ফ্রান্সের সমালোচনার মুখে পড়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-মার্ক আইরাল্ট গতকাল সোমবার রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, এটি ‘গ্রহণযোগ্য’ নয়। এ বিষয়টি ইউরোপীয় মূল্যবোধের পরিপন্থী। খবর রয়টার্সের।
সরকারি আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তুরস্কের একটি আদালত গত শুক্রবার জামান পত্রিকায় প্রশাসক নিয়োগের নির্দেশ দেন। ওই রাতেই ইস্তাম্বুলে প্রধান কার্যালয়ে পুলিশ পাঠিয়ে সরকার পত্রিকাটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পত্রিকাটির প্রধান সম্পাদকসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মীকে বরখাস্ত করা হয়। আদালতের এই নির্দেশের কোনো কারণ বলা হয়নি। তবে সরকারের অভিযোগ, জামান পত্রিকার সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচক যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মীয় ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর ফেতুল্লার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র আছে।
তুরস্ক সরকারের এ উদ্যোগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল নিন্দা জানিয়েছে। তবে, সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতোগলু গতকাল বলেন, পত্রিকাটি প্রশাসকের হাতে অর্পণের উদ্যোগ ‘বৈধ এবং এটি রাজনৈতিক নয়।’