জার্মান মন্ত্রীদের ফোনেও আড়ি পেতেছিল এনএসএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলরের ফোনে আড়ি পাতার পাশাপাশি দেশটির কয়েকজন মন্ত্রীর কথাবার্তাও রেকর্ড করেছিল মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। উইকিলিকসের দলিলপত্র উদ্ধৃত করে জার্মানির একটি দৈনিক পত্রিকা এ কথা জানিয়েছে। খবর গার্ডিয়ানের।
দেশে-বিদেশে মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য ২০১৩ সালে ফাঁস করে দেন এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন। এ ঘটনার জেরে জার্মান-মার্কিন সম্পর্কের অবনতি হয়। অবশ্য জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনের তথ্য রেকর্ড করার যে অভিযোগ পাওয়া গিয়েছিল, প্রমাণের অভাবে তা গত মাসে প্রত্যাহার করে নেয় দেশটির সরকার।
জার্মান পত্রিকাটি জানায়, জার্মানির অর্থ ও কৃষিসহ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের ওপরও আড়ি পেতেছিল এনএসএ। উইকিলিকস ৬৯টি ফোন নম্বরের একটি তালিকা তুলে ধরেছে, যেগুলো জার্মানির কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্যবহার করেন। খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দারা ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত এসব ফোনের কথাবার্তা রেকর্ড করেন।
ঐতিহ্যগত মিত্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সরকারের ওপর মার্কিন নজরদারি ছিল বলে স্নোডেন অভিযোগ করেছেন। এ নিয়ে জার্মানিসহ বিভিন্ন দেশে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়।
সাবেক পূর্ব জার্মানিতে কমিউনিস্ট আমলে গোপন পুলিশ বাহিনী মানুষের ওপর নজরদারি করত। সে পরিবেশেই বেড়ে ওঠা জার্মানির বর্তমান চ্যান্সেলর ম্যার্কেল মার্কিন নজরদারির অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ফোনে কথা বলেছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ম্যার্কেলের ফোনে আগে আড়ি পাতা হলেও এখন সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।