জার্মান সাহিত্য অঙ্গনের অপূরণীয় ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রাস্তায় রিকশা ভ্রমণে সাহিত্যে নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। ছবি: নাসির আলী মামুন
ঢাকার রাস্তায় রিকশা ভ্রমণে সাহিত্যে নোবেলজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। ছবি: নাসির আলী মামুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মান সাহিত্য অঙ্গনের ইতিহাসে গুন্টার গ্রাস ছিলেন জার্মান জাতির বিবেকসম। এই প্রথাবিরুদ্ধ লেখকের প্রয়াণ আজ জার্মানের সর্বত্র প্রধান খবর। টেলিভিশন আর সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে তাঁর দীর্ঘ জীবনের নানা লেখালেখি। তাঁর দুঃসাহসী নানা ধরণের বক্তব্য নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
রাজনীতি সচেতন এই লেখক তাঁর নানা বক্তব্যের জন্য বিভিন্ন সময় সমালোচিত হলেও
জার্মানির সংস্কৃতি অঙ্গনে জনপ্রিয়তায় তিনি ছিলেন আকাশচুম্বী অবস্থানে। তিনি তাঁর কলম শাণিত করেছেন যুদ্ধ বর্বরতা আর সব অপশক্তির বিরুদ্ধে। কখনো বিতর্কের ভয়ে মুখ বন্ধ রাখেননি। জার্মানিতে নব্য নাৎসিদের উত্থান হতে শুরু করে বিদেশি বিদ্বেষ, অসহিষ্ণুতা, যুদ্ধবিরোধী, শান্তি ও পারমাণবিক জ্বালানি বিরোধী আন্দোলনসহ অনেক রাজনৈতিক বিষয় নিয়ে তিনি সোচ্চার থাকতেন। অনেক অপ্রিয় সত্য কথা শোনাতেন।
জার্মানিতে মূলত বিশ্বযুদ্ধের অপরাধবোধ, আর পাছে নব্য নাৎসিরা উৎসাহিত হন, এমন সব কথাবার্তা থেকে সব সময় বিরত থাকেন জার্মান রাজনীতিক থেকে শুরু করে সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা।
তবে তিনি জায়নবাদ এবং ইসরায়েলের আগ্রাসী ভূমিকা নিয়েও জার্মানিতে আলোচনা করতে চেয়েছেন, কথায় কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নির্যাতনের বিষয়টি সামনে টেনে আনা এবং বার্লিন শহরের মাঝখানে বিশ্বযুদ্ধের সময় নিহত ইহুদিদের স্মরণে স্টেডিয়ামসম এলাকাতে স্মৃতিসৌধ নির্মাণেরও তিনি সমালোচনা করেছিলেন।
ইসরায়েলের আগ্রাসী ভূমিকা নিয়ে ২০১২ সালের ৪ এপ্রিল ‘যে কথা বলতে হবে’ শিরোনামে যেই কবিতাটি বনেদি জার্মান দৈনিক সুদ ডয়েচে যাইটুংয়ের সাহিত্য পাতায় প্রকাশিত হয়েছিল, তা নিয়েও তিনি বেশ সমালোচিত হন, তবে তাঁর এই প্রথাবিরুদ্ধ লেখালেখিই তাঁকে খ্যাতির শিখরে নিয়ে যায়।
এই বিখ্যাত লেখকের মৃত্যুতে জার্মান সহকারী চ্যান্সেলর জীগমার গাব্রিয়েল, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটার স্টাইনমায়ারসহ রাজনীতি, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেছেন।