জার্মান 'জিহাদির' বিচার শুরু হচ্ছে
আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণকে বিচারের মুখোমুখি করতে যাচ্ছেন জার্মানির একটি আদালত। কাল সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে। খবর এএফপির।
জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে এটাই হবে কোনো জার্মান নাগরিককে বিচারের মুখোমুখি করার প্রথম ঘটনা।
জার্মান ওই তরুণের নাম উল্লেখ করা হয়েছে শুধু ‘ক্রেশনিক বি.’ বলে। সিরিয়া থেকে ফেরার সময় গত বছরের ডিসেম্বর মাসে ফ্রাংকফুর্ট বিমানবন্দরে গ্রেপ্তার করা হয় তাঁকে। অভিযোগ করা হয়েছে, সিরিয়ায় থাকার সময় তিনি জঙ্গিদের সঙ্গে অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছেন এবং বাশার সরকারের বাহিনীর বিরুদ্ধে অন্তত তিনটি যুদ্ধে অংশ নিয়েছেন।
ক্রেশনিক বি.র জন্ম ফ্রাংকফুর্টে। তবে তাঁর পরিবারের আদিনিবাস কসোভোয়। অপরাধ প্রমাণিত হলে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের’ সদস্য হওয়ার দায়ে তাঁর ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
জার্মান এই তরুণের মামলার মধ্য দিয়ে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করতে যাওয়া শত শত মুসলিম তরুণের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর উদ্বেগ প্রতিফলিত হচ্ছে।