ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন নীতির প্রশ্নে প্রায় মুখোমুখি অবস্থানে জোটের দুই প্রভাবশালী দেশ যুক্তরাজ্য ও জার্মানি। অভিবাসন নীতি পরিবর্তনের চেয়ে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়াটাই ভালো মনে করছে জার্মানি। ইইউভুক্ত দেশগুলোতে শ্রমিকদের অবাধ চলাচলের নীতি বজায় রাখতেই দেশটি এ অবস্থান নিয়েছে। জার্মান সাময়িকী ডের স্পিগেল-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
ডের স্পিগেল-এর প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বরাত দিয়ে বলা হয়, শ্রমিকদের অবাধ চলাচলের নীতির কারণে যুক্তরাজ্যের ইউরোপ নীতি পুনর্বিবেচনা করার বিষয়টি সক্রিয়ভাবে ভাবা হচ্ছে। ব্রিটিশ এ অবস্থানের বিপরীতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাজ্য ইইউর অভিবাসন নীতি সংস্কারের জন্য চাপ অব্যাহত রাখলে জার্মানি ইইউতে যুক্তরাজ্যের সদস্যপদ বহাল রাখার পক্ষে সমর্থন প্রত্যাহার করে নেবে।
ডের স্পিগেল-এর প্রতিবেদনে বলা হয়, ম্যার্কেল এই প্রথমবারের মতো স্পষ্ট করলেন যে ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া সম্ভব।
প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা সানডে টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইইউভুক্ত দেশগুলোতে স্বল্প দক্ষ শ্রমিকদের অভিবাসনের ক্ষেত্রে কোটা প্রথার একটা প্রস্তাব উঠেছিল। জার্মানি সেই প্রস্তাবও নাকচ করে দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘বড়দিনের আগেই প্রধানমন্ত্রী অভিবাসন বিষয়ে ভাষণ দেবেন। তিনি যুক্তরাজ্যের স্বার্থকেই সবার আগে স্থান দেবেন এটা নিশ্চিত।’ অন্যদিকে জার্মান চ্যান্সেলরের একজন মুখপাত্রও পরোক্ষভাবে ওই প্রতিবেদনকে ‘বস্তুনিষ্ঠ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গত ইইউ শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেছিলেন, ইইউভুক্ত দেশগুলোতে এই দেশগুলোর নাগরিকদের অবাধ চলাচলের যে মূলনীতি, তাতে জার্মানি কোনো পরিবর্তন আনতে চায় না। ডের স্পিগেল-এর প্রতিবেদনে তারই প্রতিফলন ঘটেছে।
বিশ্লেষকেরা বলছেন, ইইউভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে অভিবাসনের হার বেশি। মুদ্রার দাম ও কর্মসংস্থানের সুযোগ বেশি হওয়া এর অন্যতম কারণ। যুক্তরাজ্য এ কারণেই ইইউর অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে চায়।
অভিবাসন নীতির সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টিতেই মতবিরোধ রয়েছে। এমপি ও সাবেক বিচারমন্ত্রী কেনেথ ক্লার্ক ইইউর বর্তমান অভিবাসন নীতিকেই সমর্থন করেছেন। গত রোববার তিনি বিবিসিকে বলেন, ‘আমরা যদি যুক্তিসম্মত একক বাজারের কথা বলি, যদি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই, তাহলে ইইউভুক্ত দেশগুলোতে শ্রমিকদের অবাধ চলাচলের প্রয়োজন রয়েছে।’