জার্মানি নাৎসি আচরণ করছে: এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট এরদোয়ান
প্রেসিডেন্ট এরদোয়ান

তুরস্কের গণভোট নিয়ে জার্মানিপ্রবাসী তুর্কিদের মধ্যে প্রচারণায় বাধা দেওয়াকে নাৎসি আচরণের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট যে মন্তব্য করেছিলেন, তাকে একেবারেই অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়।
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের চিফ অব স্টাফ পিটার আল্টমায়ের গতকাল সোমবার বলেন, ‘এই বিষয়ে (জার্মানিতে তুর্কি মন্ত্রীদের সভা বাতিল) আমাদের সমালোচনা করা উচিত হবে না। তা আমরা সহ্যও করব না।’
আসন্ন গণভোটের বিষয়ে জার্মানিপ্রবাসী তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে চেয়েছিলেন তুর্কি মন্ত্রীরা। কিন্তু জার্মানির কর্তৃপক্ষ সেই অনুমতি দেয়নি। কয়েকটি স্থানে সভার অনুমতি দিয়েও বাতিল করা হয়। এ নিয়ে জার্মানি ও তুরস্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে চলছে বাগ্যুদ্ধ।
পরিস্থিতি স্বাভাবিক করতে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমকে ফোন করেছিলেন ম্যার্কেল। তাঁদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু পরদিনই, রোববার ইস্তাম্বুলে এক জনসভায় জার্মানির ওপর ক্ষোভ ঝাড়েন এরদোয়ান। তিনি বলেন, জার্মানি গণতন্ত্রের ধারেকাছেও নেই। তাদের বর্তমান আচরণ সাবেক নাৎসি আমলের আচরণের চেয়ে ভিন্ন কিছু নয়।
জার্মানির কর্তৃপক্ষ বলেছে, সভার অনুমতি বাতিল করা স্থানীয় প্রশাসনের বিষয়। কেন্দ্রীয় সরকারের এতে কিছু করার নেই।
এর আগে গত শুক্রবার এরদোয়ান জার্মানিকে ‘সন্ত্রাসের লালনক্ষেত্র’ আখ্যা দেন। জবাবে জার্মানির চ্যান্সেলর ম্যার্কেল তাঁর দেশের প্রতি তুরস্ক সরকারের ‘অযাচিত আচরণের’ নিন্দা করেন। জার্মানির মাটিতে অন্য একটি দেশের ক্ষমতাসীন দলের নির্বাচনী প্রচারণার সমালোচনা করেছেন দেশটির রাজনীতিবিদেরা।
তুরস্কের সংবিধানে একাধিক পরিবর্তন আনা তথা প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা আরও সুসংহত করতে সংবিধান সংশোধনীর একটি প্রস্তাবের ওপর আগামী এপ্রিলে গণভোট হবে। এ নিয়ে প্রচারণা শুরু করেছে দেশটির ক্ষমতাসীন দল। জার্মানিতে বসবাসকারী ১৪ লাখ তুর্কির সমর্থন পাওয়ার প্রত্যাশায় দুই সপ্তাহ আগে তুরস্কের প্রধানমন্ত্রী সে দেশের ওবারহাউজেনে একটি নির্বাচনী সভা করেন। কিন্তু এরপর থেকে সভার অনুমতি বাতিল করে বিভিন্ন শহর কর্তৃপক্ষ।
চলমান বিতর্কের মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু অভিযোগ করেছেন, জার্মানি কর্তৃপক্ষ তুরস্কের বিরোধী দলকে সমর্থন দিচ্ছে।