জার্মানিতে অভিবাসন বিরোধী বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কোলন শহরে অভিবাসীবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। সহিংস পরিস্থিতি এড়াতে সেখানে কয়েক শ বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর বিবিসির।
কোলন শহরে নববর্ষ উদ্যাপন উৎসবে নারীদের ওপর অভিবাসীদের ‘যৌন সন্ত্রাস’ চালানোর প্রতিবাদে গত শনিবার ইসলামবিরোধী পেগিডা মুভমেন্ট কোলনে বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীরা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে মেরকেলবিরোধী স্লোগান দেয়। তারা পুলিশের দিকে আতশবাজি ও বোতল ছুড়ে মারে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কোলনে নববর্ষে নারীদের ওপর যারা হামলা করেছে, তারা পশ্চিম আফ্রিকা ও আরব অঞ্চল থেকে আসা বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
পেগিডা মুভমেন্ট অনেক আগে থেকেই জার্মানিতে মুসলিম দেশ থেকে আসা অভিবাসীদের পুনর্বাসনের বিরোধিতা করে আসছে। এই ঘটনাকে তাদের আন্দোলনের একটি জোরালো অস্ত্র বলে মনে করা হচ্ছে। পেগিডার অভিযোগ, ওই যৌন হয়রানির ঘটনা প্রমাণ করে, মেরকেলের উদার অভিবাসীনীতি দেশকে বিশৃঙ্খলার দিকে এগিয়ে নিচ্ছে।
তবে অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, যেসব অভিবাসী অপরাধ করবে, তাদের যাতে সহজেই নিজ দেশে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে তাঁরা আইন সংশোধন করার কথা ভাবছেন। তিনি বলেছেন, শরিক দলগুলোর সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে চূড়ান্ত আইনের জন্য পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
প্যারিসে নিহত ব্যক্তি জার্মানিতে আশ্রয়কেন্দ্রে ছিলেন: প্যারিসে ব্যঙ্গাত্মক পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার বার্ষিকীতে সেখানে হামলা চালাতে গিয়ে যে ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হন, তিনি একসময় জার্মানির একটি অভিবাসন আশ্রয়কেন্দ্রে ছিলেন বলে জার্মানির পুলিশ জানিয়েছে। তবে ওই ব্যক্তি ২০১৫ সালে দেশটিতে আসা শরণার্থীদের সঙ্গে এসেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
পুলিশ বলেছে, তারা জার্মানির পশ্চিমাঞ্চলীয় রেকলিংহাউজেন শহরে অবস্থিত যে আশ্রয়কেন্দ্রে হামলাকারী ব্যক্তি একসময় থাকতেন, সেখানে তল্লাশি চালিয়েছে। ওই ব্যক্তি যে কক্ষে থাকতেন, সেই কক্ষের দেয়ালে ইসলামিক স্টেটের (আইএস) একটি লোগো আঁকা দেখেছেন। পুলিশ ধারণা করছে, এটি ওই ব্যক্তিরই আঁকা। তবে তিনি কোন দেশের নাগরিক, এখনো সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।