জার্মানিতে অভিবাসীর স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দুদিন ধরে হাজার দুয়েক অভিবাসীকে রাজধানী বুদাপেস্টের আন্তর্জাতিক ট্রেন স্টেশনে আটকে রেখেছে হাঙ্গেরি। গতকাল জরুরি বৈঠক করেছে গ্রিসের মন্ত্রিসভা

ইউরোপমুখী অভিবাসীদের স্রোত অব্যাহত রয়েছে। গ্রিসে কমবেশি ১২ ঘণ্টার ব্যবধানে পৌঁছেছে আরও ৪ হাজার ৩০০ অভিবাসী। এই অভিবাসীদের অন্যতম চূড়ান্ত গন্তব্য জার্মানি বলেছে, ঘণ্টায় দেশটিতে ঢুকছে ১০০ জনের বেশি।

দুই দিন ধরে হাজার দুয়েক অভিবাসীকে রাজধানী বুদাপেস্টের আন্তর্জাতিক ট্রেনস্টেশনে আটকে রেখেছে হাঙ্গেরি। চলমান পরিস্থিতি সামলাতে গতকাল জরুরি বৈঠক করেছে গ্রিসের মন্ত্রিসভা। খবর এএফপি ও বিবিসির।
হাঙ্গেরি গত মঙ্গলবার থেকে পূর্ব বুদাপেস্টের আন্তর্জাতিক কেলেটি স্টেশন বন্ধ করে দিয়েছে। সেখানে আটকা পড়েছে অন্তত দুই হাজার অভিবাসন-প্রত্যাশী। গতকালও আটকে পড়া এসব মানুষ বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে অনেকেই ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে চিৎকার করে। অনেকে ট্রেনের টিকিট উঁচিয়ে ধরে।
এ ছাড়া গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে দুই দফায় দুটি জাহাজে করে এথেন্সের পাইরিস বন্দরে আসে ৪ হাজার ২০০ অভিবাসী। গ্রিসের লেসবস দ্বীপ থেকে এসব মানুষ এথেন্সে আসে। বন্দর পুলিশ বলেছে, বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া এসব অভিবাসন-প্রত্যাশীর বেশির ভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। অনেক অভিবাসীর জন্যই এথেন্স হচ্ছে ইউরোপীয় ধনী দেশগুলোতে ঢোকার প্রথম দ্বার। তাদের লক্ষ্য এথেন্স থেকে হাঙ্গেরিতে পৌঁছানো। সেখান থেকে অস্ট্রিয়া, জার্মানিসহ ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে তারা।
এথেন্সের পাইরিস বন্দরে আসা এক সিরীয় শিক্ষক ইসহাম বলেন, ‘আমাদের আপনাদের সাহায্য করতে হবে। আমরা মানুষ।’
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অভিবাসী গ্রিসে এসেছে। দেশটিতে গত বছর আসা অভিবাসীর চেয়ে এই সংখ্যা অনেক বেশি। গ্রিসের সরকার বলেছে, অভিবাসীদের স্রোত সামলানোর মতো সক্ষমতা তাদের নেই। তারা এ জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। বিদ্যমান পরিস্থিতির আলোকে গ্রিসের অন্তর্বর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে উত্তর ইতালির বোলজানো প্রদেশ কর্তৃপক্ষ গতকাল বলেছে, তারা জার্মানির অনুরোধে অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমাতে অস্ট্রিয়া সীমান্তে লোকজনের পরিচয় যাচাই কার্যক্রম চালু করতে প্রস্তুত।
এদিকে জার্মানির পুলিশ বলেছে, গতকাল প্রতি ঘণ্টায় ১০০ জনেরও বেশি অভিবাসী সে দেশে ঢুকেছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঘণ্টায় গড়ে ১০৯ জন অবৈধ অভিবাসীকে নিবন্ধন করা হয়েছে বলে জানায় পুলিশ। ট্রেনে বোঝাই হয়ে এসব মানুষ যাচ্ছে মিউনিখে। মঙ্গলবার ৩ হাজার ৭০৯ জন জার্মানিতে পৌঁছেছে। চলতি সপ্তাহে জার্মানিতে ঢোকা অভিবাসীদের গড় সংখ্যার দ্বিগুণ এটি। এদের বেশির ভাগই ট্রেনে হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে মিউনিখে পৌঁছাচ্ছে।
ইউরোপের সবচেয়ে জনবহুল ও সবল অর্থনীতির দেশ জার্মানি এবারের অভিবাসীদের প্রধান গন্তব্যস্থল। এ বছর এ পর্যন্ত ১ লাখ ২৫ হাজার অবৈধ অভিবাসী দেশটিতে গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৫৭ হাজার।
চ্যানেল টানেল দিয়ে পার হতে গিয়ে প্যারিস থেকে লন্ডনগামী ইউরোস্টার ট্রেন মঙ্গলবার রাতে আটকে থাকে। ট্রেন লাইনের ওপর বেশ কিছুসংখ্যক অভিবাসী থাকায় ট্রেন থামিয়ে দেওয়া হয়। তুরস্ক থেকে ছোট নৌকায় গ্রিসে যাওয়ার পথে ১২ জন অভিবাসন-প্রত্যাশী গতকাল মারা গেছে। এদের বেশির ভাগই সিরীয় নাগরিক বলে মনে করা হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার রাতে অস্ট্রিয়ায় একটি গাড়ির ভেতর থেকে ২৪ জন আফগানকে উদ্ধার করা হয়। তারা শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঝুঁকিতে ছিল।