জার্মানিতে অসময়ের তুষারপাতে জনজীবন বিপর্যস্ত
ইউরোপে বসন্তের শুরুতেই এমন তুষারপাত বিরল। তবু উত্তর সাগর থেকে আসা ইয়ানা নামের নিম্নচাপের ফলে উত্তর জার্মানিতে প্রবল তুষারপাত হচ্ছে।
জার্মানির আবহাওয়াবিদ ডমিনিক ইয়ুং জানিয়েছেন, অসময়ে এই ধরনের তুষারপাত আবহাওয়ার একটি গুরুতর পরিবর্তনের লক্ষণ। তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই একটি তুষার ফ্রন্ট জার্মানির দিকে এগিয়ে আসছে।
আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, ২০ মার্চ মধ্য ইউরোপে চমৎকার রৌদ্রোজ্জ্বল বসন্তের শুরু হলেও অসময়ের তুষারপাতে সব ম্রিয়মাণ হয়ে পড়েছে। গত সপ্তাহে মধ্য ইউরোপজুড়ে তাপমাত্রা প্রায় ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এখন তা কমে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
গতকাল উত্তর জার্মানির স্লেসউইগ-হলস্টেইন ও বন্দর শহর হামবুর্গে প্রথম তুষারপাত হলেও তা ক্রমেই দক্ষিণ ও পশ্চিম জার্মানিজুড়ে প্রসারিত হয়েছে।
আজ শুক্রবার সকালে, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া, রাইনল্যান্ড, লোয়ার স্যাক্সনির দক্ষিণে, সারল্যান্ডে, থুরিংগিয়া, স্যাক্সনি, বাভারিয়া ও বাডেন-ভুটেনবার্গ রাজ্যের বেশ কিছু অংশে তুষারপাত হবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আবহাওয়াবিদেরা সতর্ক করে বলেছেন, এ অঞ্চলগুলোর রাস্তাঘাট বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো পিচ্ছিল হয়ে পড়বে।
হঠাৎ জার্মানির বিশাল অঞ্চলজুড়ে এই তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানির উত্তর, মধ্য ও পশ্চিম অংশের অনেক জায়গায় ট্রেন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে। আগামীকাল শনিবার পর্যন্ত এ রকম আবহাওয়া বিরাজ করবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন।