জার্মানিতে আইএস সন্দেহে তিন সিরীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৫ জুলাই জার্মানির আনবাক শহরে হামলার পর পুলিশ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
গত ২৫ জুলাই জার্মানির আনবাক শহরে হামলার পর পুলিশ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সন্দেহে সিরীয় তিন তরুণকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। হামলা চালানোর উদ্দেশ্যে ওই তিনজনকে জার্মানিতে পাঠানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া তিনজন ১৭, ১৮ ও ২৬ বছরের। তিন তরুণের কাছে ‘বিপুল সরঞ্জাম’ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। খবর বিবিসি অনলাইনের।
আইএসবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার জার্মানির শ্লেসউইগ হলস্টেইন ও লোয়ার স্যাক্সোনি রাজ্যে অভিযান চালায় পুলিশ। এতে পুলিশের প্রায় ২০০ সদস্য অংশ নেন। তিনটি শরণার্থী শিবিরসহ কয়েকটি এলাকায় অভিযান চালানোর সময় সিরিয়ার ওই তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো হামলা বা নির্দেশের কোনো তথ্য পাওয়া যায়নি। বিবৃতিতে বলা হয়, তদন্তে বলা হচ্ছে, ওই তিনজন গত বছরের নভেম্বরে ‘আইএসের কাছ থেকে কোনো নির্দেশ পেয়ে’ জার্মানিতে এসেছেন বা তাঁরা ‘পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করছেন’।
ওই তিনজন ভুয়া পাসপোর্ট নিয়ে তুরস্ক ও গ্রিস হয়ে জার্মানিতে প্রবেশ করেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ১৭ বছর বয়সী তরুণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত। 

গত জুলাইয়ে এক সপ্তাহের মধ্যে জার্মানির ভিন্ন স্থানে চারটি হামলার ঘটনায় ১০ জন নিহত হন। আহত হন ১২ জনের বেশি মানুষ।