
জার্মানিতে আজ রোববার শুরু হচ্ছে বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর বার্ষিক শীর্ষ সম্মেলন। এর আলোচ্যসূচিতে প্রাধান্য পাচ্ছে ইউক্রেন সংকট থেকে শুরু করে জঙ্গিবাদ পর্যন্ত বৈশ্বিক সংঘাতগুলোর প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আলোচনা হবে গ্রিসের অর্থনৈতিক সংকট, বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন, দুর্নীতি রোধ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঠেকানোর মতো জরুরি বিষয়গুলো নিয়েও। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
জার্মানির দক্ষিণ বাভারিয়ার বিলাসবহুল এলমাউ ক্যাসল হোটেলে অনুষ্ঠিত হবে দুদিনের জি-৭ সম্মেলন। স্বাগতিক জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও এতে অন্যান্যের মধ্যে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আরও যোগ দিচ্ছেন জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মতো বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাহী জ্যঁ-ক্লদ জাঙ্কার।
নয়নাভিরাম আল্পস পার্বত্যাঞ্চলের অবকাশকেন্দ্র গারমিশ পার্টেনকিশেনের কাছে অবস্থিত সম্মেলনস্থলটি কড়া নিরাপত্তার জালে কার্যত দুর্গে পরিণত হয়েছে। এর কাছাকাছিই তাঁবু পেতে ঘাঁটি গেড়ে বিশ্বনেতাদের কাছে বিভিন্ন দাবি ও প্রতিবাদ জানানো শুরু করেছেন পুঁজিবাদবিরোধীসহ বিভিন্ন ধারার আন্দোলনকর্মীরা। বাড়তি নিরাপত্তাব্যবস্থার এটা অন্যতম কারণ।
ইউক্রেনের স্বায়ত্তশাসিত এলাকা ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির সদস্যপদ স্থগিত হওয়ায় সম্মেলনে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকছেন না। এ নিয়ে তিনবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জি-৭ শীর্ষ বৈঠকের বাইরে রাখা হলো। রাশিয়ার সদস্যপদ স্থগিত করার আগে জোটটি জি-৮ নামে পরিচিত ছিল।
আজ স্থানীয় সময় সকালে জি-৭-এর ৪১তম এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর আয়োজক চ্যান্সেলর ম্যার্কেল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বাভারিয়া এলাকার ঐতিহ্যবাহী কিছু বিষয়ের সঙ্গে পরিচিত করাবেন। বেলা ১১টায় শুরু হবে জি-৭ সম্মেলন।
সম্মেলনে ম্যার্কেল জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নকে আলোচ্যসূচির সামনে রেখেছেন। পাশাপাশি গ্রিসের অর্থনৈতিক সংকট সমাধানে বিশ্বনেতারা কী ভাবছেন, তা-ও বোঝার চেষ্টা করবেন তিনি। গ্রিস সরকার ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠী সংস্কার কর্মসূচি নিয়ে মতবিরোধে লিপ্ত। শেষ পর্যন্ত সমঝোতার অভাবে গ্রিস ইউরো জোন থেকে বেরিয়ে গেলে বিশ্ব অর্থনীতির জন্য এ ঘটনা যে হুমকি সৃষ্টি করবে, তা নিয়ে বিশ্বনেতারা উদ্বিগ্ন।
জি-৭ রিসার্চ গ্রুপের পরিচালক জন কিরটনের মতে, আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে ইউক্রেন সংকট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানে সৃষ্ট নিরাপত্তা হুমকি এবং মালি ও কেনিয়ায় চলমান সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট হুমকিগুলো। এ ছাড়া ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং সমুদ্রসীমা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধসহ অন্যান্য অমীমাংসিত বৈশ্বিক বিষয়ও আলোচনায় স্থান পাবে।
ইইউর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে ইইউর অবরোধের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। সম্ভবত আরও ছয় মাস এ অবরোধ বাড়ানো হতে পারে।
জি-৭ সম্মেলনে সাধারণত পররাষ্ট্র, নিরাপত্তা ও অর্থনীতিসংশ্লিষ্ট নীতিগুলোর ওপরেই আলোকপাত করা হয়ে থাকে। তবে এবারের সম্মেলনে ম্যার্কেল উন্নয়নসংক্রান্ত নানা বিষয়, নারীর অধিকার থেকে শুরু করে ইবোলা ভাইরাস পর্যন্ত নানা সামাজিক ও পরিবেশবিষয়ক ইস্যুকে যুক্ত করে নতুন মাত্রা যোগ করেছেন।
অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুর্নীতি রোধের ওপরে বেশি আলোকপাত করবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ঘুষ কেলেঙ্কারির প্রেক্ষাপটে তিনি বিশ্বব্যাপী ‘দুর্নীতি নামক ক্যানসার’-এর বিরুদ্ধে লড়াই শুরুর আহ্বান জানাবেন।