জার্মানিতে ইসলামবিদ্বেষী নেতা বাখমানের সাজা
জার্মানিতে আসা শরণার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘৃণাসূচক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় দেশটির ইসলামবিরোধী সংগঠন পেগিডার নেতা লুৎজ বাখমানকে সাজা দিয়েছেন আদালত।
মঙ্গলবার সাক্সেন রাজ্যের রাজধানী ড্রেসডেনের একটি আদালত পেগিডা আন্দোলনের প্রতিষ্ঠাতা বাখমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ৯ হাজার ৬০০ ইউরো জরিমানা করেছেন। এই অর্থ তাঁকে ১২০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
রাষ্ট্রীয় কৌঁসুলি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে পেশায় পাচক ইসলামবিদ্বেষী এই কট্টরপন্থী নেতাকে সাত মাসের সাজা দেওয়ার অনুরোধ করলেও ড্রেসডেনের আদালত তাঁকে অনেকটা লঘু সাজা দিয়েছেন।
আদালত লুৎজ বাখমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে বলেন, জার্মানি একটি সম-অধিকারের দেশ। এখানে বর্ণ, ধর্ম, জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কোনো রেওয়াজ না থাকলেও বাখমান তা ভঙ্গ করেছেন।