জার্মানিতে কট্টর ডানপন্থী দলের সম্মেলনে বাধা
জার্মানিতে ইসলাম ধর্ম ও শরণার্থীবিরোধী দল হিসেবে পরিচিত অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড পার্টির সম্মেলনে হাঙ্গামা হয়েছে। গতকাল শনিবার স্টুটগার্ট শহরে দলটির সম্মেলনস্থলের বাইরে হাজার খানেক লোক দেশটির বিভিন্ন এলাকা থেকে আসা কট্টরপন্থী ওই দলটির প্রায় দুই হাজার প্রতিনিধিকে বাধা দেয়।
প্রধানত বাম রাজনীতির অনুসারী বিক্ষোভকারীরা একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ও পটকা ছুড়ে মারে এবং সম্মেলনে আসা প্রতিনিধিদের ধাওয়া করে। তিন বছর আগে গঠিত অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ডের সম্মেলনকে কেন্দ্র করে স্টুটগার্টে উত্তেজনা বিরাজ করছিল।
গতকালের সম্মেলনে দলটির গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। ওই সংশোধনীতে দলটিকে ইসলামবিরোধী দলের আদল দেওয়ার উদ্দেশ্যে জার্মানিতে বোরকা, সে দেশে নির্মিত মসজিদে মিনার বানানো এবং আজান দেওয়া নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে।