জার্মানিতে গ্রেপ্তার সিরীয় ৩ যুবক কারাগারে
ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সিরীয় তিন তরুণকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল জার্মানির উত্তরাঞ্চলের রাজ্য শ্লিসভিগ হোলস্টাইন থেকে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের বিশেষ হেলিকপ্টারে করে তাদের কার্লসরুয়ে শহরে নিয়ে আসা হয়।
গ্রেপ্তার এই তিন যুবকের বয়স ১৭ থেকে ২৬ বছর। তারা ২০১৫ সালে শরণার্থী হিসেবে জার্মানিতে প্রবেশ করে। এরপর থেকে তারা শরণার্থী আশ্রয়শিবিরেই ছিল।
এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় আবারও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল সমালোচনার মুখে পড়েছেন। তাঁর শরণার্থীনীতির সমালোচনা করে ব্যাভেরিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োখিম হ্যারম্যান বলেন, তথ্যপরিচয় যাচাইবাছাই না করেই গত বছর ঢালাওভাবে জার্মানিতে শরণার্থীদের প্রবেশ অধিকারের নির্দেশ সঠিক ছিল না।
জার্মান পুলিশ ইউনিয়নের সভাপতি রাইনা ভেন্টও জানিয়েছেন, জার্মানিতে গত বছর আসা শরণার্থীদের মধ্যে ৮০ শতাংশের কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না, যা নিঃসন্দেহে সম্ভাব্য হুমকিস্বরূপ।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী লোথার ডে ম্যাজেয়ার বলেছেন, ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে একযোগে সাতটি স্থানে সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে এ তিনজনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই সন্ত্রাসীরা ২০১৫ সালে শরণার্থীর বেশে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে প্রবেশ করে। তাদের সবার ভ্রমণসংক্রান্ত নকল কাগজপত্র ও জাল পাসপোর্ট সিরিয়াতে একই স্থান থেকে বানানো হয়েছিল এবং এরা একই মানব পাচারকারীদের সহযোগিতায় তুরস্ক ও গ্রিস হয়ে পশ্চিম ইউরোপে প্রবেশ করে।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরেই এই তিনজনকে (বর্তমানে গ্রেপ্তার) নজরদারিতে রাখা হয়েছিল। বিশেষ এলিট ফোর্স বলে পরিচিত জিএসজি নাইন তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছে প্রচুর মার্কিন ডলার ও মোবাইল পাওয়া যায়।
জার্মানিতে বসবাসরত সব শরণার্থীকে ঢালাওভাবে সন্ত্রাসী না বলতে সতর্ক করে দিয়ে লোথার বলেন, ‘গত বছর মানবিক কারণে জার্মানি শরণার্থীদের আশ্রয় দিয়েছে। কিন্তু অনেকেই এ সুযোগের অপব্যবহার করেছে। তবে আমরা এ ব্যাপারে সতর্ক রয়েছি এবং এই মুহূর্তে ৬০ জন শরণার্থীর ওপর আমাদের নজরদারি রয়েছে।’