জার্মানিতে ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার মিউনিখের পূর্বে একটি রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, এই হামলার সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। তবে একই সঙ্গে তারা ধারণা করছে, হামলাকারী মানসিক রোগীও হতে পারে।
পুলিশ জানিয়েছে, তারা ২৭ বছর বয়সী ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে। নিহত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। আহত বাকি তিনজনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সরকারি কৌঁসুলির কার্যালয়ের মুখপাত্র কেন হেইডেনরিচ বলেন, ‘ভিডিও ফুটেজে দেখা গেছে হামলার সময় হামলাকারী এমন কিছু মন্তব্য করেছে, যা দেখে মনে হয়েছে তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে আসলে তার উদ্দেশ্য কি ছিল।’
জার্মানির বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান স্থানীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওই হামলাকারীর নাম পল এইচ। তিনি জার্মান নাগরিক। তার পূর্ববর্তী বিভিন্ন দিক, মাদকাসক্ত ছিলেন কি না কিংবা মানসিক অস্থিরতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গণমাধ্যমে বলা হচ্ছে, এটা যদি জঙ্গি হামলা হয়ে থাকে, তাহলে গত সেপ্টেম্বরের পর এটা হবে দেশটিতে তৃতীয় জঙ্গি সংশ্লিষ্ট ছুরিকাঘাতের ঘটনা।