জার্মানিতে ট্রেনে যেভাবে হামলা হলো
জার্মানিতে ট্রেনে আফগান শরণার্থী কিশোরের কুঠারের আঘাতে আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিন নারী-পুরুষ। এর মধ্যে দুজন হংকংয়ের নাগরিক। হামলার পর পুলিশের গুলিতে নিহত শরণার্থী ওই কিশোরকে ইসলামিক স্টেট (আইএস) তাদের ‘যোদ্ধা’ বলে দাবি করেছে।
গত সোমবার ১৭ বছর বয়সী আফগান কিশোরের হামলায় পাঁচজন আহত হন। স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে ট্রেনটি জার্মানির দক্ষিণাঞ্চলে বাবারিয়ার ট্রস্টলিংগেন ও বুজবুর্গ শহরের মাঝামাঝি স্থানে আসার কিছুক্ষণ পর কুঠার ও ছুরি নিয়ে ওই কিশোর যাত্রীদের ওপর হামলা চালায়।
হংকংভিত্তিক সংবাদপত্র অ্যাপল ডেইলির বরাত দিয়ে আজ বুধবার এএফপি জানিয়েছে, হামলার সময় ট্রেনের যাত্রী হংকংয়ের নাগরিক ৩০ বছরের সিলভিয়া স্বামী, মা-বাবা, ছোট বোন ও বোনের প্রেমিক এবং ছোট ভাইকে নিয়ে যাচ্ছিলেন।
হামলার সময়কার ঘটনা বর্ণনা করে হংকংয়ের ইয়ো পরিবারের বড় মেয়ে সিলভিয়া জানান, তাঁর বোনের প্রেমিকের ওপর কুঠার হাতে ওই কিশোর হামলা চালায়। ওই সময় তাঁর মা-বাবা হামলা ঠেকানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে ওই হামলাকারী আমার বোনের প্রেমিককে আক্রমণ করেছিল। আমার মা-বাবা তা দেখে হামলাকারীকে আটকানোর চেষ্টা করে আহত হন।’
সিলভিয়ার ৬২ বছর বয়সী বাবা ও বোনের প্রেমিক অ্যাডমান্ড অ-ইয়েউং (৩০) গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁদের দুজনেরই মাথায় গুরুতর জখম রয়েছে। তাঁর ৫৮ বছর বয়সী মা ও বোন ট্রেসিও (২৬) কুঠারের আঘাতে আহত হয়েছেন। তবে তাঁর ১৭ বছর বয়সী ভাই অক্ষত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের রক্তে ভেসে যাচ্ছিল ট্রেনের কামরা। মনে হচ্ছিল যেন এটা ‘কসাইখানা’।
হামলাকারী ওই কিশোর ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় নদীর ধারে কুকুর নিয়ে হাঁটতে থাকা এক নারীর ওপরও হামলা চালায়। গুরুতর আহত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশের গুলিতে কিশোরটি নিহত হয়।