জার্মানিতে তুর্কি গুপ্তচরের বিচার শুরু

জার্মানির বন্দরনগর হামবুর্গে আজ বৃহস্পতিবার চরবৃত্তির অভিযোগে তুরস্কের এক নাগরিকের বিচার শুরু হচ্ছে প্রাদেশিক সুপ্রিম কোর্টে।
মেমেত ফাত্তি নামের ওই ব্যক্তি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত জার্মানির ব্রিমেন ও হামবুর্গ শহরে বসবাসরত কুর্দি জাতিসত্তা ও জার্মান সরকারের বিষয়ে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেছিলেন।
হামবুর্গে জার্মানির সরকারি কৌঁসুলি বলেছেন, মেমেত ফাত্তি জার্মানিতে সাংবাদিকের ছদ্মবেশ ধারণ করলেও এই ব্যক্তি মূলত ২০১৩ সাল থেকে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সদস্য হিসেবে কাজ করছিলেন। তিনি ব্রিমেন শহরে বসবাসরত কুর্দি জাতিসত্তার নেতা ইয়ুকসেল কখসহ অন্য নেতাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতেন। জার্মানিতে তুরস্কের বিরুদ্ধে তাদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকের ছদ্মবেশে তিনি এই কাজ করতেন। জার্মানিতে চরবৃত্তির অভিযোগে এমন আরও ২০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
আজ হামবুর্গে এক সংবাদ সম্মেলনে জার্মানিতে বসবাসরত কুর্দি নেতা ইয়ুকসেল কখ বলেছেন, তাঁদের সক্রিয় প্রচেষ্টাতেই তুরস্কের এই গুপ্তচরের আসল পরিচয় জার্মান সরকারের নজরে আসে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর গত বছরের ডিসেম্বরে হামবুর্গে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির সদস্য মেমেত ফাত্তিকে গ্রেপ্তার করা হয়।
মেমেত ফাত্তিকে গ্রেপ্তারের সময় জার্মানিতে বসবাসরত কুর্দি নেতা ইয়ুকসেল কখসহ সরকারবিরোধী নেতাদের হয়রানি ও হত্যার তথ্য পাওয়া যায়।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে তুরস্কের প্রায় ৩০ লাখ নাগরিক জার্মানিতে বাস করলেও জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে তুরস্কের কূটনৈতিক টানাপোড়েন চলছে।
চলতি বছরের এপ্রিলে তুরস্কের প্রেসিডেন্টকে অধিক ক্ষমতা দেওয়ার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তাকে কেন্দ্র করে দেশটির মন্ত্রীদের সঙ্গে জার্মানি, হল্যান্ড, ডেনমার্ক ও সুইজারল্যান্ডে বসবাসকারী প্রবাসী তুর্কি নাগরিকদের কাছে কূটনৈতিক অসন্তোষ শুরু হয়েছিল।
জার্মানির রাজধানী বার্লিন থেকে প্রকাশিত ‘ডের ভেল্ট’ পত্রিকার সাংবাদিক ডেনিজ ইউসেলসহ ৫২ জন জার্মান নাগরিক এই মুহূর্তে তুরস্কে গ্রেপ্তার হয়ে আছেন। মূলত কুর্দি জাতিসত্তার প্রতি সহানুভূতি এবং ক্ষমতাসীন জাস্টিস ও ডেভেলপমেন্ট দলের বিরুদ্ধে কাজ করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।