জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০

জার্মানির দক্ষিণের বাভারিয়া রাজ্যে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। পুলিশ বলেছে, গতকাল মঙ্গলবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১০০ জন। খবর এএফপির।
আঞ্চলিক রেলওয়ে কোম্পানি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল সাতটায় ব্যাড অ্যাবলিং শহরের কাছে হোজেনহাইন এবং হোলিথকিয়শন শহরের মধ্যে চলাচলকারী ট্রেনের সংঘর্ষ হয়। জার্মান শহর মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনাস্থল।
জার্মানির গণমাধ্যম সূত্র জানায়, দুর্ঘটনায় একটি ট্রেন রেললাইন থেকে ছিটকে পড়ে। বেশ কয়েকটি বগি উল্টে যায়।
বার্তা সংস্থা এপি পুলিশের মুখপাত্র স্টেফান সোনতাগকে উদ্ধৃত করে বলেছে, এ অঞ্চলে স্মরণকালের মধ্যে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এখন দুর্ঘটনাস্থলে প্রচুর চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার পৌঁছে গেছে।
জার্মানির শহর হোজেনহাইনের পুলিশের মুখপাত্র মার্টিন উইঙ্কলার বলেন, ‘এখন পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা চারজন। এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। সব মিলিয়ে আহত ব্যক্তির সংখ্যা ১০০।’
তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পর ওই রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এলাকাটিতে উৎসবের ছুটি চলছিল। এসব ট্রেনে তাই শিশুদের থাকার সম্ভাবনা আছে বলে জার্মানির গণমাধ্যম সূত্র জানিয়েছে। ট্রেনের বগিতে বন্দী হয়ে থাকা যাত্রীদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।