জার্মানিতে নব্য নাৎসিবাদী দল নিষিদ্ধের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সর্বোচ্চ আদালত নব্য নাৎসিবাদী দল হিসেবে পরিচিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর ডয়েচল্যান্ড বা সংক্ষেপে এনপিডিকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। দক্ষিণ জার্মানির কার্লসরুয়ে শহরে অবস্থিত জার্মানির সর্বোচ্চ আদালতে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত মৌখিক শুনানির দিন ধার্য করা হয়েছে।
তবে আদালতের দ্বিতীয় সিনেটে শুনানি প্রক্রিয়ার পর রায় ঘোষণা করতে আসন্ন গ্রীষ্ম পর্যন্ত সময় লাগবে বলে আদালত জানিয়েছেন।
এর আগে জার্মান ফেডারেল কাউন্সিল বা বুন্ডেস রাতের দুই প্রতিনিধি ক্রিস্টিয়ান ভাল্ডহোফ ও ক্রিস্টোফ মোলার ২০১৩ সালে আদালতে এই কট্টর ডানপন্থী এনপিডি দলটি জার্মান শাসনতন্ত্রবিরোধী ও স্বচ্ছ গণতন্ত্রে বিশ্বাসী নয় দাবি করে এ ধরনের দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে সর্বোচ্চ আদালতে মামলা করেন। জার্মানির শাসনতন্ত্রে যেকোনো ধরনের গণতন্ত্রবিরোধী, ধর্ম ও বর্ণবিরোধী, সর্বোপরি সংবিধান পরিপন্থী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে সেই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার আইন রয়েছে।
ইতিপূর্বে ২০০১ সালে জার্মান পার্লামেন্ট ও জার্মান ফেডারেল কাউন্সিল যৌথভাবে নব্য নাৎসিবাদী দলটিকে নিষিদ্ধের জন্য সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হন। তবে ওই সময় দলটির উচ্চ পদে আসীন নেতাদের কেউ কেউ সরকারি গোয়েন্দা দলের সদস্য ছিলেন বিধায় সর্বোচ্চ আদালত দলটিকে নিষিদ্ধের আবেদন ২০০৩ সালে খারিজ করে দেন।
কার্লসরুয়ে শহরে আদালতের কার্যক্রম চলাকালীন তিন দিনে বাদীপক্ষের জার্মান ফেডারেল কাউন্সিলসহ অন্যান্য সংস্থার ৭০ জন রাজনীতিক ও কর্মকর্তা, অপরদিকে বিবাদীপক্ষের প্রায় ৩০ জন হাজির থাকবেন। তিন দিনের শুনানির প্রক্রিয়ায় দলটির তিনজন সাবেক সভাপতি এবং ছয়জন নব্য নাৎসি দল-সম্পর্কিত বিশেষজ্ঞসহ মোট নয়জনের কাছ থেকে তাঁদের যুক্তি ও মতামত শোনা হবে। জার্মানির সর্বোচ্চ আদালতে দ্বিতীয় সিনেটের ছয়জন বিচারপতির মধ্য ন্যূনতম চারজন নিষিদ্ধ প্রক্রিয়ায় সায় না দিলে দলটি নিষিদ্ধ ঘোষণা করা যাবে না।
জার্মানজুড়ে প্রাদেশিক, নগর, স্থানীয় পার্লামেন্টসহ ইউরোপীয় পার্লামেন্টে এই দলটির মোট ৩৬০ জন নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। দলটি নিষিদ্ধ ঘোষিত হলে এসব প্রতিনিধির সদস্যপদ বাতিল হবে।
এর আগে ১৯৫২ সালে হিটলারের নাৎসি দল এনএসডিএপি এবং ১৯৫৬ সালে কেপিডি নামের কমিউনিস্ট দলটিকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছিল।