জার্মানি ও তুরস্কে তিন নৈশ ক্লাবে গুলি, নিহত ৩
জার্মানির দক্ষিণাঞ্চলীয় কনস্টানজ শহরের একটি নৈশ ক্লাবে গতকাল রোববার ভোরে গুলিতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। প্রথমে এক বন্দুকধারী গুলি ছুড়লে একজন নিহত হন। হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। একই দিন তুরস্কের ইজিয়ান সাগরের তীরবর্তী বদরম শহরে ভোররাতে দুটি নৈশ ক্লাবে গুলিতে এক তরুণ নিহত ও চারজন আহত হয়েছেন।
জার্মানিতে কনস্টানজে হামলার ঠিক দুই দিন আগে উত্তরাঞ্চলীয় বন্দরনগর হামবুর্গের একটি বিপণিকেন্দ্রে ছুরি হামলায় একজন নিহত ও ছয়জন আহত হন। হামলাকারী ২৬ বছর বয়সী তরুণ ছিলেন ফিলিস্তিনের নাগরিক।
গতকালের হামলাকারী ইরাকি নাগরিক। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা মনে করছে না। কনস্টানজ শহরের ওই নৈশ ক্লাবে ভোর সাড়ে চারটার দিকে গোলাগুলি শুরু হয়।
তুরস্কের বদরম শহরের হামলাটি হয় ভোররাত তিনটার দিকে। তুরস্কের দৈনিক হুরিয়াত এক খবরে বলেছে, একটি ক্লাবের সহকারী খাবার পরিবেশনকারী ফোরকান সায় (১৮) হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হামলায় ওই দুই ক্লাবের দুই খাবার পরিবেশনকারীসহ চারজন আহত হন। বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তাঁকে খুঁজছে।