জার্মানিতে বোমা হামলার 'পরিকল্পনাকারী' সিরীয় যুবক আটক

জার্মান পুলিশ বলেছে, দেশটিতে বোমা হামলার পরিকল্পনা করছিলেন এমন এক সিরীয় শরণার্থীকে তারা আটক করেছে। আটকের সময় জাবের আল বকর নামের ওই ব্যক্তির কাছ থেকে কয়েক শ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জাবের প্যারিস ও ব্রাসেলসে সংঘটিত বোমা হামলার মতোই বার্লিন রেলস্টেশনে হামলার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ বলেছে, প্রাথমিকভাবে তারা মনে করছে, জাবের আইএস জঙ্গিদের হয়ে জার্মানিতে নাশকতা ঘটানোর চেষ্টা করছিলেন।
সাক্সোনি রাজ্যের পুলিশ বিভাগ বলেছে, রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে লিপজিগ শহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাবের আল বকরকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তারা বলেছেন, তাঁর কাছে যে বিস্ফোরক পাওয়া গেছে, তা অতি উচ্চমাত্রার। ঠিক এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে প্যারিস ও ব্রাসেলসে হামলা চালানো হয়েছিল।
গত শনিবার থেকেই পুলিশ জাবেরকে খুঁজছিল। তাঁর খোঁজে ওই দিন খেমনিৎজ শহরের কাছে একটি ফ্ল্যাটে তল্লাশিও চালিয়েছিল।
স্পাইগেল অনলাইন একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেছে, জার্মানিতে বসবাসরত আরেক সিরীয় নাগরিকের দেওয়া তথ্য নিয়েই জাবেরকে আটক করা হয়। তারা বলেছে, জাবের লিপজিগ রেলস্টেশনে গিয়ে তাঁর পরিচিত এক সিরীয়র সঙ্গে দেখা করেন এবং তাঁকে রাতে ঘুমাতে দেওয়ার মতো কোনো ব্যবস্থা করা যায় কি না, তা জানতে চান। ওই ব্যক্তি জাবেরকে তাঁর ফ্ল্যাটে নিয়ে পুলিশকে ফোন করেন।
বিবিসিকে এক কর্মকর্তা জানিয়েছেন, জাবের লিপজিগ রেলস্টেশনে আরও দুজনের সঙ্গে কথা বলেছিলেন। তাঁদেরও আটক করা হয়েছে। অবশ্য পরে সরকারের পক্ষ থেকে জাবেরকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করায় তিন সিরীয়কে ধন্যবাদ জানানো হয়েছে।
এদিকে, জাবেরকে ধরার পর থেকে জার্মানির অভিবাসন ও ইসলামবিরোধী সংগঠন পেগিডার সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের অভিবাসননীতির তীব্র সমালোচনা করেন। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অভিবাসন ইস্যুতে উদারনীতি অনুসরণ করায় কঠোর চাপের মুখে পড়েন। এর জেরে স্থানীয় নির্বাচনে তাঁর দল বহু আসন হারিয়েছে।