জার্মানিতে বড় আয়োজনগুলোতে করোনার প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস আতঙ্কে জার্মানিতে একের পর একটি বড় বড় আয়োজন বন্ধ হয়ে যাচ্ছে অথবা পিছিয়ে দেওয়া হচ্ছে। এদিকে জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা এখন ২৬২ পৌঁছেছে। জার্মানির সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র, রবার্ট কক ইনস্টিটিউট ইতিমধ্যেই এই বিষয়ে হটলাইন খুলেছে।

জার্মানির রাজধানী বার্লিনে ৪ থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইটিবি বা আন্তর্জাতিক পর্যটন মেলা। সেটা বন্ধ ঘোষণার পর, লাইপজিগ শহরের বিখ্যাত বই মেলাও বন্ধ করে দেওয়া হয়েছে। লাইপজিগ শহরের এই বই মেলা চলতি মাসের ১২ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই বই মেলায় বিশ্বের ২৫০০ প্রকাশক ও পুস্তক ব্যবসায় জড়িতদের এবং ২ লাখ ৮০ হাজার অতিথি যোগ দেওয়ার কথা ছিল। এই দুটি বড় আন্তর্জাতিক মেলা বাতিল হয়ে যাওয়ার পর হ্যানোভার শহরের বিখ্যাত শিল্প মেলা পিছিয়ে এখন ১৩ থেকে ১৭ জুলাই নির্ধারণ করা হয়েছে। এপ্রিলে এই মেলা হওয়ার কথা ছিল। সারা বিশ্ব থেকে ৬০০০ হাজার প্রতিষ্ঠান এ মেলায় যোগ দিতে নিবন্ধন করেছিল।

জার্মানিতে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বার্লিনের রবার্ট কক ইনস্টিটিউট জানিয়েছে, জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ১৬ জন সুস্থ হওয়ার পথে রয়েছেন। জার্মানির উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা সব থেকে বেশি—১১৫ জন।

বুধবার বিকেলে ফ্রাঙ্কফুর্ট রেলওয়ে স্টেশনে আন্তসিটি দ্রুতগামী একটি ট্রেনে একজন যাত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদে, ট্রেনের যাত্রীদের ৪ ঘণ্টা ট্রেনটিতে বসে থাকতে হয়। পরে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, সন্দেহভাজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত নয়।

ইতিমধ্যে জার্মানির স্কুলগুলিতে সকল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধের জন্য করণীয় বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।