জার্মানিতে মিউনিখের কাছে একটি রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে। ২৭ বছর বয়সী এক যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, বাভারিয়া রাজ্যের গ্রাফিং শহরের একটি স্টেশনে ওই ঘটনা ঘটে। এটি মিউনিখের ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত। তাঁরা বলেন, চার যাত্রীকে ছুরিকাঘাত করার সময় হামলাকারী চিৎকার করে ‘আল্লাহু আকবার’ বলেছিলেন। তবে তাঁর এ হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্টেশনটির একটি প্লাটফরম নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে ফেলে পুলিশ। এ ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হয়।
‘সম্ভাব্য’ জঙ্গি হামলার বিষয়টিকে মাথায় রেখে পুলিশ তদন্তে নেমেছে বলে জানিয়েছেন আপার বাভারিয়া পুলিশের মুখপাত্র কার্ল-হাইঞ্জ সেগেরের। গ্রেপ্তার করা হামলাকারী জার্মানির একজন নাগরিক। তিনি মধ্য জার্মানির হেসেন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হতাহত চার যাত্রীর একজনকে ট্রেনে, বাকিদের প্লাটফরমের ওপর বা স্টেশন ভবনের বাইরে ছুরিকাঘাত করা হয়।
বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান বলেছেন, হামলায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি এ হামলাকে ‘সম্ভাব্য’ জঙ্গি হামলা বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মাদক-সংক্রান্ত বা মানসিক বৈকল্যের কারণে এ হামলা করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।