জার্মানিতে সরকার গঠনে প্রেসিডেন্টের উদ্যোগ

জার্মানিতে জোট সরকার গঠনের আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ার। এ লক্ষ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ারের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় সময় আজ সোমবার পরিবেশবাদী সবুজ দল ও ফ্রি ডেমোক্রেটিক দলের নেতারা আলাদাভাবে সাক্ষাৎ করবেন। কাল সোশ্যাল ডেমোক্রেটিক দলের নেতাদের আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এক জরিপে দেখা যাচ্ছে, সম্ভাব্য জোট সরকারের আলোচনা ত্যাগ করে ফ্রি ডেমোক্রেটিক দলের বেরিয়ে যাওয়া জার্মানির জনগণ ভালোভাবে নেয়নি। আবারও নির্বাচন অনুষ্ঠিত হলে গত নির্বাচনের মতোই ফলাফল হবে।
গত রোববার ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন, ফ্রি ডেমোক্রেটিক দল ও পরিবেশবাদী সবুজ দলের জোট সরকার গঠনের আলোচনা ব্যর্থ হয়। পরে সোমবার প্রেসিডেন্ট এক ভাষণে জার্মানির রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেছেন, জার্মানির গণতন্ত্র ও সংবিধানকে সমুন্নত করতেই তাঁরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন এবং তাঁদের উচিত সরকার গঠনে সব সম্ভাব্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমায়ার আরও বলেন, ‘৭০ বছর আগে সরকার গঠনে এ ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। দেশ ও জনগণকে যে দায়বদ্ধতার কথা বলে আপনারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, সেই দায়বদ্ধতা থেকেই জোট সরকার গঠনের জন্য নতুন করে প্রচেষ্টা চালানো প্রয়োজন।’
জার্মানির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ কোনো ক্ষমতাধর পদ না হলেও সবচেয়ে সম্মানের পদ। রাজনৈতিক ও সাংবিধানিক সংকটে তিনিই পরামর্শদাতা ও প্রস্তাবক।
বর্তমান পরিস্থিতিতে জার্মান প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াও জার্মানির সংবিধান বিশেষজ্ঞ, পার্লামেন্টের স্পিকার ও ১৬টি রাজ্যের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ সংস্থা বুন্দেশরাতের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। জার্মানির পার্লামেন্টের নবনির্বাচিত স্পিকার ভলফগ্যাং সয়েবলে আজ জোট সরকার গঠনে দলগুলোকে আরও সহনীয় হতে বলেছেন এবং যেকোনো সমস্যা মীমাংসাযোগ্য বলে মন্তব্য করেছেন।