জার্মানিতে হামলাকারী যুবকের ছবি প্রকাশ আইএসের

জার্মানির আনবাক শহরে উন্মুক্ত সংগীত উৎসবে আত্মঘাতী বোমা হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেছে আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক। গতকাল সোমবার আমাকের অনলাইনে হামলাকারীর ছবি প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটায় আমাকের ওই ছবি প্রকাশ করে এএফপি জানায়, আইএসের সংবাদ সংস্থা আমাক গতকাল ছবিটি প্রকাশ করে। কবে ও কোথায় ছবিটি তোলা হয়েছে, এ ব্যাপারে অবশ্য কোনো তথ্য দেওয়া হয়নি।
আমাকের তথ্য অনুসারে, হামলাকারী যুবকের নাম মোহাম্মদ দালিল। তিনি সিরীয় শরণার্থী। হামলার পর আইএস তাঁকে ‘আইএস যোদ্ধা’ বলে দাবি করে।
গত রোববার রাত ১০টার দিকে আনবাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ২৭ বছর বয়সী ওই যুবক। জার্মান কর্তৃপক্ষ জানায়, সংগীত উৎসবে হামলার পরিকল্পনা ছিল ওই যুবকের। টিকিট না থাকায় উৎসবের মূল স্থানে তিনি ঢুকতে পারেননি। পরে কাছের একটি ক্যাফেতে আত্মঘাতী হামলা চালান। বিস্ফোরণে তিনি নিহত হন। আহত হয় ১২ জন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।