জার্মানিতে 'গাড়ি চাপায়' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির দক্ষিণাঞ্চলীয় হাইডেলবার্গ শহরে এক ব্যক্তি শনিবার পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে একজন নিহত ও দুজন আহত হন। পুলিশ বলছে, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা মনে হচ্ছে না। ঘটনার পর ৩৫ বছর বয়সী জার্মান গাড়িচালক দৌড়ে পালাতে চেয়েছিলেন। তাঁর হাতে ছুরি ছিল। পুলিশ তাঁকে গুলি করে আহত করার পর আটক করে। পুলিশ জানায়, গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তি (৭৩) জার্মান নাগরিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আহত একজন অস্ট্রীয় তরুণ, আরেকজন বসনীয় নারী। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় পত্রিকা বিল্ড লিখেছে, গাড়িচালক মানসিক সমস্যায় আক্রান্ত। বার্লিনে জনবহুল বড়দিনের সামগ্রীর বাজারে গত ডিসেম্বরে ট্রাক হামলায় ১২ জন নিহত হয়। এরপর জার্মানির কর্তৃপক্ষ নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থান নেয়।