জার্মানিতে 'হামলার পরিকল্পনা', শরণার্থী আটক
জার্মানিতে বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে এক সিরীয় শরণার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। জাবের আল বকর নামের ওই শরণার্থীর কাছ থেকে কয়েক শ গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
জার্মান পুলিশ বলেছে, প্রাথমিকভাবে তারা মনে করছে, জাবের আইএস জঙ্গিদের হয়ে জার্মানিতে নাশকতা ঘটানোর চেষ্টা করছিলেন। প্যারিস ও ব্রাসেলসে সংঘটিত বোমা হামলার মতোই বার্লিন রেলস্টেশনে হামলার পরিকল্পনা ছিল তাঁর।
সাক্সোনি রাজ্যের পুলিশ বিভাগ বলেছে, রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে লিপজিগ শহরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জাবের আল বকরকে আটক করা হয়। তদন্ত কর্মকর্তারা বলেছেন, তাঁর কাছে যে বিস্ফোরক পাওয়া গেছে, তা অতি উচ্চমাত্রার। ঠিক এ ধরনের বিস্ফোরক ব্যবহার করে প্যারিস ও ব্রাসেলসে হামলা চালানো হয়েছিল।
গত শনিবার থেকেই পুলিশ জাবেরকে খুঁজছিল। তাঁর খোঁজে ওই দিন খেমনিৎজ শহরের কাছে একটি ফ্ল্যাটে তল্লাশিও চালিয়েছিল।