
জার্মানির লোকরঞ্জনবাদী, অভিবাসনবিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) আরও কট্টরপন্থা অবলম্বনের জন্য দলটি সম্মেলনে দাবি উঠেছে। দলের নেতৃত্ব কিছুটা নমনীয় হয়ে মধ্যপন্থার দিকে যাওয়ার যে আগ্রহ দেখিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধিরা।
এএফডির চেয়ারওম্যান ফ্রকে পেত্রি অন্য দলগুলোর সঙ্গে জোট গড়ার এবং কট্টর দৃষ্টিভঙ্গি পরিহারের পরিকল্পনা করেছিলেন। তবে কোলন শহরে আয়োজিত দুই দিনের সম্মেলনে দলটির প্রতিনিধিরা তাঁর এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে আরও কট্টর হওয়ার আহ্বান জানিয়েছে। শনিবার শুরু হওয়া সম্মেলন গতকাল রোববার শেষ হওয়ার কথা ছিল।
এএফডির সম্মেলনস্থলের বাইরে দলটির বিরোধী প্রায় ১৫ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অনেক বামপন্থী কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার হাজার সদস্য মোতায়েন করা হয়। বাধা পেয়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই ব্যক্তি আহত হন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জার্মান সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে সংবাদমাধ্যমে আরও জানানো হয়, সম্মেলনের সময় এলাকার বহু দোকানপাট বন্ধ ছিল। পুলিশের হেলিকপ্টার আকাশে চক্কর দিতে দেখা যায়।
জার্মানির সংবাদপত্র ডি ভেল্ট জানায়, প্রায় এক শ বিক্ষোভকারী পুলিশ লাইন ভেঙে রাইন নদীর বিপরীত পাশে অনুষ্ঠিত সম্মেলনকেন্দ্রে পৌঁছার চেষ্টা করে। এ ছাড়া যে হোটেলে সম্মেলন অনুষ্ঠিত হয়, তার সামনে প্রায় ৬০ জন বাইসাইকেল আরোহী মানববন্ধনের মতো করে অবস্থান নিয়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা ভেঙে দিলে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।
২০১৩ সালে প্রতিষ্ঠিত অভিবাসনবিরোধী দল এএফডির সম্মেলনকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও স্টুটগার্টে দলটির সম্মেলনের সময় বিরোধীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।
সম্মেলনে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের জন্য এএফডির নেতৃত্ব ঠিক হওয়ার কথা। চেয়ারওম্যান ফ্রকে পেত্রি গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন, তিনি ওই নির্বাচনে প্রার্থী হবেন না। অন্য কাউকে বেছে নিতে দলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিষ্ঠার পর থেকে এএফডি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ২০১৫ সালের শরণার্থীদের প্রতি মুক্তদ্বারনীতির বিরুদ্ধে জোর প্রচারণা শুরু করে। গত বছর আঞ্চলিক নির্বাচনে দলটি ম্যার্কেলের রক্ষণশীল দলকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে বড় জয় পায়। দলের কর্মী-সমর্থকেরা আশা করছেন, আসছে জাতীয় নির্বাচনে ফেডারেল পার্লামেন্টে প্রথমবারের মতো কোনো আসন পেতে চলেছেন তাঁরা।
এএফডি নেতা ফ্রকে পেত্রির মূলধারায় ফিরে আসার এবং বিরোধী দলে থাকার চেয়ে জোট গড়ে সরকার গড়ার পরিকল্পনায় ডেলিগেটরা সায় জানালেও খুব একটা লাভ হতো না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, জার্মানির রাজনৈতিক অন্য দলগুলো এরই মধ্যে এএফডির সঙ্গে জোট গড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।