জার্মানির তিনটি রাজ্য আইনসভার গত রোববারের নির্বাচনে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দুই দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) ও সোশ্যাল ডেমোক্র্যাট দলের ভোট আশঙ্কাজনক হারে কমেছে। অন্যদিকে শরণার্থী ও অভিবাসীবিরোধী নতুন দল জার্মানির জন্য বিকল্প বা অলটারনেটিভ ফর জার্মানি চমকে দেওয়ার মতো ভোট পেয়েছে। এ আঞ্চলিক নির্বাচনকে অনেকাংশেই চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের অভিবাসন-নীতির প্রতি গণরায় হিসেবে দেখা হচ্ছিল।
জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে রোববার রাইনল্যান্ড ফ্যালৎস, বাডেন ভুর্টেনবুর্গ ও সাক্সেন আনহাল্ট—এই তিনটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল, ক্ষমতাসীন জোটের দুই বৃহৎ দলের ভোট প্রাপ্তির হার কমতে পারে। শরণার্থী ও অভিবাসীবিরোধী নতুন ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি পূর্বাঞ্চলীয় প্রদেশ সাক্সেন আনহাল্টে রেকর্ডসংখ্যক ২৪ শতাংশ ভোট পেয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন জোটভুক্ত সোশ্যাল ডেমোক্রেটিক দল রাইনল্যান্ড ফ্যালৎস রাজ্যে মাত্র ৩৬ শতাংশ ভোট পেয়েছে। আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাডেন ভুর্টেনবুর্গ রাজ্যে সবুজ দল এবং সাক্সেন আনহাল্ট রাজ্যে ডানপন্থীরা বড় জয় পেয়েছে।