জার্মানির পুনরেকত্রীকরণ অনুষ্ঠানে গোলযোগ
জার্মানির পুনরেকত্রীকরণের ২৬তম পূর্তি উৎসবে অংশ নিতে এসে দেশটির প্রেসিডেন্ট, চ্যান্সেলরসহ বেশ কয়েকজন রাজনীতিককে উগ্র ডানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হলো। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেনে গত সোমবারের এই অনুষ্ঠানে তাঁদের বিরুদ্ধে স্লোগান দিয়ে উচ্চ স্বরে বাঁশি বাজান পেগিডা আন্দোলনের কয়েক শ সমর্থক।
প্রতিবছরের ৩ অক্টোবর জার্মানির পুনরেকত্রীকরণ অনুষ্ঠান পর্যায়ক্রমে জার্মানির বিভিন্ন বড় শহরে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবার ড্রেসডেন শহরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্রেসডেনই আবার বর্ণবাদী, অভিবাসীবিরোধী পেগিডা আন্দোলনের উৎসস্থল। গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানস্থল ঘিরে আড়াই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু পেগিডা সমর্থকেরা জমায়েত হয়ে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও প্রেসিডেন্ট ইয়াখিম গাউকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁরা বলেন, ‘দেশদ্রোহী, তোমাদের দিন শেষ হয়ে এসেছে। তোমরা ফিরে যাও।’ অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় সাড়ে চার লাখ মানুষ যোগ দেন। এতে আঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘আজ জার্মান জাতির জন্য আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের দিন।’