জার্মানির বিপণি বিতানে গুলি, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির মিউনিখের একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলার পর পুলিশের অবস্থান। ছবি: এএফপি
জার্মানির মিউনিখের একটি বিপণিবিতানে বন্দুকধারীর হামলার পর পুলিশের অবস্থান। ছবি: এএফপি

জার্মানির মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের পাশের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে অলিম্পিয়া শপিং সেন্টারে এ হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

জার্মান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। তবে জার্মানের একটি পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই হামলার ঘটনায় বহু হতাহত হয়েছে।

জার্মান পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ওই বিপণিবিতানের দোকানের কিছু কর্মকারীকে বের করে আনা হয়েছে। এখনো অনেকে আটকে আছেন।
এদিকে অলিম্পিয়া শপিং সেন্টারে গোলাগুলি চলছে জানিয়ে ওই বিপণিবিতানের এক দোকানের কর্মচারী টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘তাদের অনেক সহকর্মী এখনো লুকিয়ে আছেন। এখনো কোন পুলিশ এখানে আসেনি।’

এ ঘটনার পর ওই এলাকার আশে পাশে ট্রেন, ট্রাম ও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

হামলার পর যুক্তরাজ্যে জার্মানিতে অবস্থানরত তাদের নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

এনটিভি টেলিভিশনের প্রতিবেদনে বলা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বিপণি বিতানে বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। মিউনিখ পুলিশের একজন মুখপাত্র জানান, একাধিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন। তিনি বলেন, একাধিক বন্দুকধারী এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা হয়নি।

ওই মুখপাত্র আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এ ঘটনায় একাধিক অপরাধী জড়িত। ৬টার দিকে প্রথম গুলিবর্ষণের খবর আসে। ওই বিপণি বিতানের ম্যাকডোনাল্ডসের দোকানে প্রথমে গুলি করা হয়। এখনো ওই বিপণি বিতানের মধ্যে মানুষ আছে। আমরা বিপণি বিতানে থাকা মানুষ খুঁজে তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছি।’

গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।