জার্মানির রেলস্টেশনে কুঠার হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির ডাসেলডর্ফ রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার কুঠার হামলা চালিয়ে সাতজনকে আহত করেছেন এক ব্যক্তি। ছবি:এএফপি
জার্মানির ডাসেলডর্ফ রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার কুঠার হামলা চালিয়ে সাতজনকে আহত করেছেন এক ব্যক্তি। ছবি:এএফপি

জার্মানির রাইনল্যান্ড ফালৎস রাজ্যের রাজধানী ডাসেলডর্ফের রেলস্টেশনে গতকাল বৃহস্পতিবার কুঠার হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে এক ব্যক্তি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। হামলাকারী মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা পুলিশের।

এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এ হামলা হয়। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী হামলাকারী সাবেক যুগোস্লাভিয়া থেকে এসেছেন। গ্রেপ্তার এড়াতে সেতুর ওপর থেকে লাফ দিয়ে তিনিও গুরুতর আহত। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, আহত থাকার কারণে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। হামলার কারণও বের করতে পারেনি পুলিশ।

এএফপির খবরে জানানো হয়, ডাসেলডর্ফ স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আঞ্চলিক পুলিশ টুইটে জানায়, আবার কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা জানা যায়নি।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী বিল্ড পত্রিকাকে বলেন, ‘আমরা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ট্রেন আসার পর হঠাৎ একজন কুঠার নিয়ে হামলা শুরু করে।’

ডাসেলডর্ফের মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ডুসেলডর্ফ রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের মধ্যে দুজন যাত্রীকে কুড়াল দিয়ে আঘাত করে। পরে স্টেশনে নেমে আরও কয়েকজন যাত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনার পর পর বেশ কয়েকজন যাত্রীকে রক্তাক্ত অবস্থায় স্টেশনের ভেতর পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ বলছে, ওই ব্যক্তি একাই হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে ইসলামি কোনো সন্ত্রাসী দল জড়িত নয়। ঘটনায় আটক আরও দুই ব্যক্তিকে পুলিশ শুক্রবার ভোরে ছেড়ে দিয়েছে।

বৃহস্পতিবার হামলার পরপরই ডাসেলডর্ফ স্টেশনটি পুলিশ ঘিরে রাখে। স্টেশনের ওপর দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ শুক্রবার ভোর থেকে আবার রেল চলাচল শুরু হয়েছে।