জার্মানির রেলস্টেশনে গুলি, পুলিশসহ আহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের কাছের একটি রেলস্টেশনে গতকাল মঙ্গলবার এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ সদস্য ও দুজন পথচারী আহত হয়েছে। বন্দুকধারীকে আহত অবস্থায় আটক করা হয়। পুলিশ বলেছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাস বা ধর্মীয় জঙ্গিবাদের যোগসূত্র মেলেনি।
মিউনিখ পুলিশের মুখপাত্র মার্কাস ডি গ্লোরিয়া মার্টিনস সাংবাদিকদের বলেন, মিউনিখের উত্তর-পূর্বাঞ্চলে আন্টারফোরিং এলাকার রেলস্টেশনে আসতে থাকা একটি ট্রেনের সামনে এক পুলিশ সদস্যকে ঠেলে ফেলার চেষ্টা করেন হামলাকারী। তখন ধস্তাধস্তি শুরু হলে একপর্যায়ে ওই ব্যক্তি এক পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি চালান। এ সময় ওই পুলিশ মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। গুলিতে মারাত্মকভাবে আহত হন স্টেশনে থাকা আরও দুই ব্যক্তি।
পুলিশের মুখপাত্র মার্টিনস আরও বলেন, সকালের ব্যস্ত সময়ে এ হামলার পেছনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ের যোগসূত্রতার ইঙ্গিত মেলেনি। ব্যক্তিগত কোনো কারণে ওই ব্যক্তি এ হামলা চালিয়ে থাকতে পারেন। ৩৭ বছর বয়সী হামলাকারী একজন জার্মান নাগরিক বলে পুলিশ নিশ্চিত করলেও তাঁর অপরাধে জড়িত থাকার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।