জার্মানির শরণার্থী বিরোধী দলের সম্মেলনে হাঙ্গামা
জার্মানিতে ইসলাম ও শরণার্থী বিরোধী দল বলে পরিচিত অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলের সম্মেলনে হাঙ্গামা হয়েছে। রোববার স্টুটগার্ট শহরে দলটির সম্মেলনস্থলের বাইরে বাম রাজনীতির অনুসারীরা রক্ষণশীল দলটির প্রায় দুই হাজার প্রতিনিধির প্রবেশ পথে বাধা দেয়। পরে বাধাদানকারীরা পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিন বছর আগে গঠিত অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা জার্মানির জন্য বিকল্প দলটির সম্মেলনকে কেন্দ্র করে স্টুর্টগাটে বেশ উত্তেজনা বিরাজ করছিল। দলটির নেতারা গত বছরের শেষদিক থেকে জার্মানিতে আগত শরণার্থী এবং মুসলমানদের বিরুদ্ধে নানা উত্তেজক কথাবার্তা বলে সমালোচিত হয়েছেন। ভবিষ্যতে জার্মান রাজনীতিতে তাদের নীতি নির্ধারণ বিষয়ে গঠনতন্ত্র সংশোধনের কথা ছিল রোববারের সম্মেলনে। দলটি ৭৪ পৃষ্ঠার সংশোধনী তোলে। এতে ইসলাম বিরোধী দলের আদল দেওয়ার জন্য জার্মানির কোনো মসজিদে মিনার স্থাপন এবং আজান দেওয়ার রেওয়াজ নিষিদ্ধের সুপারিশ করা হয়।
২০১৩ সালে বার্লিনে গঠিত দলটিতে ইউরোপীয় পার্লামেন্ট এবং জার্মানির বিভিন্ন রাজ্যের পার্লামেন্টের বেশ কিছু সদস্য রয়েছেন। ইতিপূর্বে জার্মানি বিভিন্ন সস্তা জনপ্রিয় ইস্যুকে সম্বল করে দলটি জনপ্রিয়তা অর্জনের জন্য যে কৌশল নিয়েছে তা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
রোববার স্টুটগার্টের সম্মেলন স্থলে বিক্ষোভকারীরা পুলিশের দিকে আতশবাজি ও পটকা ছুড়ে মারে এবং সম্মেলনে আসা প্রতিনিধিদের ধাওয়া করে। পুলিশ দাঙ্গা হাঙ্গামা ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।