জার্মানির শরণার্থী রাজনীতি নিয়ে ট্রাম্পের মন্তব্য মিথ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির শরণার্থী রাজনীতি নিয়ে সঠিক মন্তব্য করেননি বলে দাবি করছে দেশটির গণমাধ্যমগুলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আগত ব্যক্তিদের সন্তানদের তাদের মা-বাবা থেকে বিচ্ছিন্ন করার নীতির পক্ষে যৌক্তিকতা তুলে ধরতে জার্মানির শরণার্থী রাজনীতিকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে টুইট করেন ট্রাম্প। জার্মানিতে বলা হচ্ছে, এটি হাস্যকর ও মিথ্যা।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের সময় জানিয়েছিলেন, জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। এই বক্তব্যের দুই সপ্তাহ পরেই তিনি গতকাল মঙ্গলবার টুইট বার্তায় লেখেন, ম্যার্কেলের ভুল শরণার্থী-নীতির কারণেই জার্মানির সরকার সংকটে পড়েছে।

জার্মানির জোট সরকার দুর্বল হয়ে পড়ছে এবং জার্মানির জনগণ তাঁদের নেতৃত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। জার্মানিতে অপরাধের হার বৃদ্ধিসহ ইউরোপে লাখ লাখ শরণার্থী ও অভিবাসী বলপ্রয়োগ ও সহিংসতার সঙ্গে ইউরোপীয় সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছেন বলে তিনি টুইটবার্তায় জানিয়েছেন। অপর এক টুইটে তিনি বলেছেন, ‘ইউরোপে অভিবাসীদের অবস্থানের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা আমাদের দেশে তা হতে দেব না।’

জার্মানির বার্তা সংস্থার বরাত দিয়ে ডের স্পিগেল পত্রিকা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচন-পূর্ব প্রচারণার সময় তাঁর ভবিষ্যৎ অভিবাসীবিষয়ক নীতির প্রশ্নে ম্যার্কেলের উদার শরণার্থী-নীতির সমালোচনা করেছিলেন।

ট্রাম্পের টুইট। ছবি: সংগৃহীত
ট্রাম্পের টুইট। ছবি: সংগৃহীত

পত্রিকায় আরও বলা হয়, বাস্তবতা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট করা তথ্যগুলো মিথ্যা ও বিভ্রান্তিমূলক। জার্মানিতে ম্যার্কেলের শরণার্থী-নীতির কারণে জার্মান জনগণ তাঁর বিরুদ্ধাচরণ করেননি বা জার্মানির তিনদলীয় জোটের মধ্যে কিছু মতান্তর থাকলেও জোট সরকার ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেনি। জার্মানিতে অপরাধবিষয়ক এক পরিসংখ্যান নিয়ে গত মে মাসে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হস্ট সিহোফার জানিয়েছেন, জার্মানিতে অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়নি, বরং ১৯৯২ সালের পর এই বছর সবচেয়ে কম অপরাধের ঘটনা ঘটেছে। এ ছাড়া অপর এক পরিসংখ্যানে দেখানো হয়েছে, জার্মানিতে এখনই নির্বাচন হলে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ৫০ শতাংশ ভোট পাবেন। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থীবিষয়ক নীতিকে এখনো জার্মানির দুই-তৃতীয়াংশ লোক সমর্থন করেন।

জার্মানির তিনদলীয় জোটের মধ্য ছোট এবং রাজ্যভিত্তিক শরিক দল ক্রিশ্চিয়ান সামাজিক ইউনিয়ন দলটি আগামী অক্টোবর মাসে বাভ্যরিয়া রাজ্যের রাজ্য পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জার্মানির শরণার্থী-নীতির পরিবর্তন চাইছে। জার্মানির সীমান্তে আসার আগে কোনো শরণার্থী অন্য কোনো দেশে নিবন্ধিত হয়ে থাকলে তাঁকে সেখানেই ফেরত পাঠানোর কথা বলছে রক্ষণশীল এই দল। চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ বিষয়ে চলতি মাসের শেষে অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্তে পৌঁছাতে চান।