জার্মানির স্বীকৃতি 'অর্থহীন': এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোমান সাম্রাজ্যের অধীনে আর্মেনীয়দের ওপর চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়ে জার্মান পার্লামেন্টে পাস হওয়া প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এই প্রস্তাবের কারণে এ বিষয়ে তুরস্ক তাদের অবস্থান পরিবর্তন করবে না।
গতকাল শনিবার এরদোয়ান বলেন, জার্মান পার্লামেন্টে গত বৃহস্পতিবার এই প্রস্তাবের ওপর ভোটের আয়োজনের ঘটনায় তিনি বিস্মিত। ওই ঘটনার পর তুরস্ক দেশটি থেকে তাদের রাষ্ট্রদূতকে করণীয় ঠিক করতে ডেকে আনে এবং আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়।
এরদোয়ান তুরস্কের একটি দৈনিককে বলেন, ‘জার্মান পার্লামেন্টের নেওয়া সিদ্ধান্তের কোনো মূল্য নেই। ১৯১৫ সালে আমাদের যে অবস্থান ছিল তা সুস্পষ্ট...এবং ইতিহাস সম্পর্কে আমরা যা চিন্তা করি, জার্মানির সিদ্ধান্তের কারণে তার কোনো পরিবর্তন হবে না। তবে তারা (জার্মানি) তুরস্কের মতো একটি বন্ধুকে হারানোর মতো বাস্তবতাকে উপেক্ষা করছেন।’
আর্মেনীয়রা বলে আসছে, অটোমান বাহিনীর হাতে তাদের ১৫ লাখ মানুষ নিহত হয়। তবে তুরস্ক ওই হত্যাকাণ্ডকে গণহত্যা বলতে অস্বীকৃতি জানিয়ে আসছে।